শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
অপহরণের পাঁচ দিন পর গতকাল মঙ্গলবার বিকেলে টঙ্গীর গোপালপুর এলাকার পাগাড় সোসাইটি মাঠসংলগ্ন একটি ডোবা থেকে মোহাম্মদ হোসেনের (৭) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছেন র্যাব-১-এর সদস্যরা। শিশুটি একই এলাকার ফিরোজ খানের ছেলে। সে টঙ্গীর পাগাড় পশ্চিমপাড়া নূর মোহাম্মদ খান একাডেমির কেজি ওয়ানের ছাত্র ছিল। গত বৃহস্পতিবার তাকে নিজ বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়। পরে মুঠোফোনে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আবুল মনসুর জানান, এ ঘটনায় শিশুটির বাবা ফিরোজ খান বৃহস্পতিবার রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন তিনি বাদী হয়ে থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর গত সোমবার এলাকাবাসী ও র্যাবের সহযোগিতায় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে খোকন মিয়া, জসিম উদ্দিন, নূর আলম ও আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল বিকেলে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর মর্গে পাঠানো হবে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা টাকা না পেয়ে অপহরণের পরপরই শিশুটিকে হত্যা করেছে।