শিশুর বিরুদ্ধে এ কেমন শত্রুতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি কিছু করিনি, আমি দোষী না। পুলিশ ভাই, আপনারা আমাকে ছেড়ে দ্যান।’ পুলিশের কাছে নয় বছরের শিশু তানজিলুর রহমানের এই আকুতি শুনে অনেকে থানায় ছুটে গেলেও শিশুটিকে মুক্ত করা যায়নি। গতকাল মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশ শিশুটিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 

তানজিলের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল গ্রামে। সে রংমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। থানাহাজতে তানজিল জানায়, মায়ের কথামতো গত সোমবার বিকেলে ব্যাগে দুই কেজি চাল নিয়ে সে বোনের বাড়ি গাড়াবাড়িয়া গ্রামে যাচ্ছিল। পথে প্রতিবেশী আজিজ শেখের ছেলে জোকার শেখ (২৯) ছোট্ট একটি কাগজে মোড়ানো প্যাকেট ব্যাগের মধ্যে দিয়ে বলেন, ‘সামনে ধলা গ্রামের মোড়ে রক নামের একজন প্যাকেটটি নিতে চাইলে দিয়ে দিস।’ ধলা গ্রামে পৌঁছানোর আগেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে ধরে গাংনী থানায় সোপর্দ করেন।

বিজিবি ৩২ ব্যাটালিয়নের রংমহল ক্যাম্পের কমান্ডার সুবেদার আবদুল কুদ্দুস জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির টহল দল শিশুটির ব্যাগ তল্লাশি করে দুই পুরিয়া হেরোইন উদ্ধার করে। বিজিবি শিশুটির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে। মামলায় জোকার ও রক নামের দুই ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

শিশুটির বাবা শওকত আলী বলেন, রকি ও জোকার মাদক ব্যবসায়ী। তাঁরা ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনা ঘটিয়েছেন। রংমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, তানজিল বিদ্যালয়ের মেধাবী ছাত্র। তার রোল নম্বর ৪। অথচ ষড়যন্ত্রমূলকভাবে এমন শিশুকে মাদক মামলায় আসামি করা খুবই দুঃখজনক।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বলেন, শিশুটির বিরুদ্ধে থানায় বা তার গ্রামে আগের কোনো অভিযোগ নেই। তাই শিশুটির প্রতি পুলিশের সহানুভূতি থাকলেও এখন পুলিশের কিছুই করার নেই। তবে তদন্তে নির্দোষ প্রমাণিত হলে শিশুটি অভিযোগপত্র (চার্জশিট) থেকে অব্যাহতি পাবে।