
শরীরে আর্সেনিকের ক্ষতিকর প্রভাব নিয়ে যত আলোচনা হয়, মানসিক প্রভাব নিয়ে ততটা হয় না। আক্রান্ত ব্যক্তি সামাজিক বৈষ্যমের শিকার হয়। এ ছাড়া মাত্রাতিরিক্ত আর্সেনিক শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশকে বাধাগ্রস্ত করে। অনেক ক্ষেত্রে আর্সেনিকের প্রভাবে শিশু অটিজমেও আক্রান্ত হতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়টি উদ্বেগজনক।
গতকাল শনিবার প্রথম আলো কার্যালয়ে ‘খাবার পানিতে আর্সেনিক দূষণ: দুই যুগ পর ফিরে দেখা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিষয়টি তুলে ধরা হয়। ইনস্টিটিউট অব লেবার ইকোনমিকসের (আইজেডএ) সহযোগিতায় প্রথম আলো এই গোলটেবিলের আয়োজন করে। গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর পরামর্শক সম্পাদক কামাল আহমেদ।
আলোচনার শুরুতেই মানসিক স্বাস্থ্য ও শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশে আর্সেনিকের ক্ষতিকর প্রভাবের বিষয়টি উপস্থাপন করেন সিডনি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শ্যামল চৌধুরী। ২০১৪ সালে চাঁদপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জের ১৫০টি গ্রামের ওপর পরিচালিত একটি গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, নিয়মিত মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত পানি পান করলে শারীরবৃত্তীয় নানা সমস্যার পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা তৈরি হয়। এ ছাড়া শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্রেও আর্সেনিক ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষত দরিদ্র জনগোষ্ঠীর ওপর এর প্রকোপ সবচেয়ে বেশি।
শিশুদের ওপর আর্সেনিকের ক্ষতিকর প্রভাবের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক সিফাত ই সাঈদ। তিনি বলেন, আর্সেনিকের ক্ষতিকর প্রভাব যেমন ত্বকের সমস্যা বা ক্যানসারের বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়। তবে মানসিক প্রভাব নিয়ে ততটা গুরুত্বসহকারে আলোচনা হয় না। মাত্রাতিরিক্ত আর্সেনিক শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। এ ছাড়া তারা অটিজমেও আক্রান্ত হতে পারে। গর্ভস্থ সন্তানের ওপরও ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশের ওপর আর্সেনিকের প্রভাববিষয়ক গবেষণা নীতিনির্ধারণের জন্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন। তিনি আর্সেনিক দূষণরোধে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেন।
মুফাদ আহমদ বলেন, আর্সেনিক নিয়ে সচেতনতার কোনো বিকল্প নেই। কোথায় কোথায় আর্সেনিক আছে, তা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে খুঁজে বের করতে হবে। সেসব জায়গার প্রকৃতি বুঝতে হবে। ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানি ব্যবহারে সমন্বয় আনতে হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমামুল হক আর্সেনিক নিয়ে তাঁর গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ভূগর্ভস্থ পানি জমির সেচকাজে ব্যবহৃত হয়। ফলে ফসল ও সবজিতেও আর্সেনিক মিশে যাওয়ার ঝুঁকি থাকে। এ ক্ষেত্রে জমিতে জৈব সার ব্যবহার এবং পরিমাণমতো পানি দেওয়ার পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রশ্ন তোলেন, ভূগর্ভস্থ পানির বদলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার কেন হচ্ছে না? আর্সেনিক সমস্যার কার্যকর সমাধানের জন্য ভূ-উপরিস্থ পানি ব্যবহারের বিকল্প নেই।
আলোচনায় প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক ক্লাউস এফ জিমারম্যান সহনীয় মাত্রার বেশি আর্সেনিকের শারীরিক ও মানসিক প্রভাবের বিষয়টি তুলে ধরেন। এ নিয়ে সচেতনতা বাড়ানোর কথা বলেন তিনি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ-সম্পর্কিত একটি প্রতিবেদন তুলে ধরেন। এতে তিনি ভবিষ্যৎ কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন।
আর্সেনিক দূষণ রোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক। সংবাদপত্র, টিভি, অনলাইন, কমিউনিটি রেডিওতে আর্সেনিকের ক্ষতিকর প্রভাব ও সচেতনতার বিষয়গুলো গুরুত্বসহকারে প্রকাশ ও প্রচারের তাগিদ দেন তিনি।
ইনোভেশনস ফর প্রভার্টি অ্যাকশনের এদেশীয় প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল হক আর্সেনিকের ক্ষতিকর প্রভাব রোধে কার্যকর গবেষণার ওপর জোর দেন। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বয় প্রয়োজন বলে মত দেন তিনি। বলেন, নলকূপের পানি আর্সেনিকমুক্ত করতে ফিল্টার ব্যবহারের জন্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া যেতে পারে।
ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. খায়রুল ইসলাম বলেন, আর্সেনিক সমস্যার সমাধান রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এ জন্য সরকারের নীতিগত পর্যায়ের অঙ্গীকার প্রয়োজন। ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার ছিল, ২০১১ সালের মধ্যে তারা আর্সেনিক সমস্যার সমাধান করবে। এখন ওই ইশতেহার এই মেয়াদের মধ্যে পর্যালোচনা করে কত দিনের মধ্যে এর সমাধান হতে পারে, সে ব্যাপারে একটা সিদ্ধান্ত জানানো উচিত।
খায়রুল ইসলাম আরও বলেন, ‘আর্সেনিকের জন্য কোনো সুনির্দিষ্ট প্রকল্প গত কয়েক বছরে নেওয়া হয়নি। এ সময়ে পানি ব্যবস্থাপনার জন্য যে পরিমাণ বাজেট বরাদ্দ হয়েছে, তার ৮৬ শতাংশ ছিল শহরাঞ্চলের জন্য। ওয়াসার পানির দাম বাড়লে আমরা হা-হুতাশ করি। অথচ সুপেয় পানির অভাবে এর চেয়ে অন্তত ৩৫ গুণ বেশি দাম দিয়ে কয়রা, দাকোপ, শ্যামনগরের দরিদ্র মানুষেরা পানি কিনে খাচ্ছে।’
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প (পল্লি অঞ্চলে পানি সরবরাহ) পরিচালক মোহাম্মদ মোস্তাক, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) পরিচালক মো. মজিবর রহমান।