শিশুর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের অবহেলায় ব্রাহ্মণবাড়িয়া শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণীর ছাত্র লুৎফুল কবির মিয়াদের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিচারের দাবিতে শিশুটির পরিবার ও সূর্যমুখী কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গতকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক মনির হোসেনের বিরুদ্ধে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতে শিশুটির বাবা হুমায়ূন কবির মামলা করেছেন।মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ। এ ছাড়া তিনি শহরের বেসরকারি ক্লিনিক ল্যাবএইড শিশু ও জেনারেল হাসপাতালেও চিকিৎসাসেবা দিয়ে থাকেন। শিশুটির বাবা হুমায়ূন কবিরের ভাষ্যমতে, হাঁটুর ব্যথা ও জ্বরের চিকিৎসার জন্য মিয়াদকে গত ৩০ এপ্রিল বিকেলে ল্যাবএইড শিশু ও জেনারেল হাসপাতালে চিকিৎসক মনির হোসেনের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে মিয়াদের অবস্থার অবনতি হলে মনির হোসেন আগের ওষুধ বাদ দিয়ে ব্যবস্থাপত্রে নতুন ওষুধ লিখে দেন। কিন্তু ওষুধ পরিবর্তনের পর মিয়াদের অবস্থার আরও অবনতি হয়। এর পরই তিনি হাসপাতাল ত্যাগ করেন। মিয়াদের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি মুঠোফোনে মনির হোসেনকে জানানোর চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে রাত আড়াইটার দিকে মিয়াদ মারা যায়।শিশুটির বাবা দাবি করেন, ছেলে মৃত্যুর পর আইনের আশ্রয় নিতে চাওয়ায় তাঁর ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু ন্যায়বিচারের জন্য আদালতে চিকিৎসক মনিরের বিরুদ্ধে মামলা করেছেন। এ ব্যাপারে চিকিৎসক মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘মিয়াদকে সঠিক চিকিৎসাই দেওয়া হয়েছে। কোনো অবহেলা কিংবা কার্পণ্য করা হয়নি। তবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে।’