শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির তৃতীয় তলার জানালার পাশে খেলা করছিল সাড়ে তিন বছরের আবীর হোসেন। তার মা আয়েশা তখন রান্না করছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতায় জানালা দিয়ে পড়ে গিয়ে ছোট্ট শিশুটি প্রাণ হারায়। গতকাল বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, শিশু আবীর মা-বাবার সঙ্গে ৮৮ নম্বর ইসলামবাগের একটি বাড়ির তৃতীয় তলায় থাকত। তার বাবা রুবেল সরদার চকবাজারে একটি প্লাস্টিক কারখানার কর্মচারী। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে খেলতে খেলতে আবীর জানালার ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। জানালাতে কোনো গ্রিল ছিল না। চিৎকার শুনতে পেয়ে মা আয়েশা দ্রুত ছুটে গিয়ে রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে হাসপাতালে আবীরের মা আয়েশা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘বুকের ধনকে কাছে রাখলে হারাতে হতো না।’ সন্তানের মৃত্যুর জন্য তিনি নিজেকে দায়ী করেন। তাঁকে সান্ত্বনা দিতে গিয়ে স্বজনেরাও কান্নায় ভেঙে পড়েন।