প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়েরবাজার বালুর মাঠের পাশের বস্তিতে আগুন লেগে মারিয়া আক্তার (৩) নামের এক শিশু দগ্ধ হয়ে মারা গেছে। আগুনে দগ্ধ হয়েছে শিশুটির ভাই সোলায়মানও (৫)।
গতকাল বুধবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বস্তির ২৪টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আগুন লাগার সময় বস্তির একটি ঘরে দুই সন্তানসহ আটকা পড়েছিলেন সখিনা বেগম। ছেলেকে নিয়ে কোনো রকমে তিনি ঘর থেকে বের হতে পারলেও মেয়ে মারিয়া আটকা পড়েন। আগুন নেভানোর পরে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির অঙ্গার হওয়া দেহ খুঁজে বের করেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের পরিদর্শক ফরহাদ হোসেন বলেন, বস্তির একটি ঘরের চুলা থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।