শিশুর মৃত্যু, মা-বাবা, ভাইসহ ছয়জন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের বরিশাল বাজার এলাকায় আগুনে পুড়ে তাহা বেগম (৫) নামের এক শিশু মারা গেছে। তাহার মা, বাবা ও ভাইসহ ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন।
গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে বরিশাল বাজার এলাকার কাশেম ভবনের নিচতলার একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কক্ষটিতে আসবাব বার্নিশ করার কাজ হতো। নিহত ও দগ্ধ ব্যক্তিরা ওই কক্ষে ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিসের লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাহা মারা যায়।
হাসপাতাল সূত্র জানায়, তাহার বাবা বজলু মিয়ার (৪৫) শরীরের ৬৭ শতাংশ, মা রাহেদা বেগমের (৩৫) ৩৬ শতাংশ, ভাই রায়হানের (৮) ৪৬ শতাংশ, তাহার মামা মেহেদী হাসানের (২৫) ৫৭ শতাংশ ও মেহেদীর স্ত্রী শারমিন আক্তারের (১৮) ৫৮ শতাংশ ও বজলুর সহকারী মাজেদ মিয়ার (২৫) ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে কর্মরত চিকিৎসক মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, আগুনে দগ্ধ ব্যক্তিদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন ও কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা পূর্ণচন্দ্র মুৎসুদ্দী প্রথম আলোকে বলেন, নিহত ও আহত ব্যক্তিরা কাশেম ভবনের নিচতলায় থাকতেন। সেখানে বজলু মিয়া, মেহেদী হাসান ও মাজেদ মিয়া আসবাবসামগ্রী বার্নিশ করার কাজ করতেন। শুক্রবার রাতেও তাঁরা কাজ করছিলেন। রাত একটার দিকে কাজ করার সময় মশার কয়েল কিংবা সিগারেটের আগুন ছিটকে বার্নিশের জন্য রাখা স্পিরিট বা তারপিনের ওপর পড়তে পারে। তা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরের কালুরঘাট ও আগ্রাবাদ স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ফায়ার সার্ভিসের লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।