শিশুর মৃত্যু সেবিকার পেটে লাথি
কুষ্টিয়ায় এক দিনের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ওই শিশুর স্বজনেরা চারজন সেবিকাকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এক সেবিকার তলপেটে আঘাত লাগায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া (অস্থায়ী) মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি ও নিরাপত্তার দাবিতে হাসপাতালের শিক্ষার্থী সেবিকারা কর্মবিরতি দিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জরুরি বিভাগের সামনে অবস্থান নেন। সন্ধ্যা পর্যন্ত তাঁরা কাজে যোগ দেননি। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।আহত ব্যক্তিরা হলেন হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা রেখা রানী মণ্ডল, নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী আরিফা খাতুন, জাকিয়া সুলতানা ও রোখসানা খাতুন। এর মধ্যে আরিফার তলপেটে আঘাত লাগায় রক্তক্ষরণ হয়েছে। তাঁকে হাসপাতালে সেবিকা কেবিনে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক সেবা দেওয়া হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার হাসপাতালে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকার সাইদুল ইসলামের স্ত্রী একটি কন্যাশিশুর জন্ম দেন। শিশুটি সাত মাস পেটে ছিল। ওজন ছিল মাত্র দেড় কেজি। জন্মের পর শিশুটির শারীরিক সমস্যা দেখা দেয়। বুধবার রাত ১০টার দিকে শিশুটির অবস্থা খারাপ হলে কর্তব্যরত চিকিৎসক আরোজ উল্লাহ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী বা ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। এ অবস্থায় স্বজনেরা শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত সাড়ে ১১টার দিকে শিশুটি মারা যায়। এতে উত্তেজিত হয়ে স্বজনেরা হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে সেবিকাদের মারধর শুরু করেন।আহত আরিফা বলেন, তিনি শিশু ওয়ার্ডের পাশে ২ নম্বর সার্জারি ওয়ার্ডে এক রোগীকে সেবা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে এক ব্যক্তি তাঁর তলপেটে সজোরে লাথি মারে। এতে তিনি হতভম্ব হয়ে পড়েন। তিনি দৌড়ে পালিয়ে যান। পরে অসুস্থ হয়ে পড়লে অন্য সেবিকারা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের সহকারী পরিচালক আজিজুন নাহার প্রথম আলোকে বলেন, ঘটনা সম্পর্কে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। বর্তমানে হাসপাতালে ৪০০ রোগী ভর্তি আছে। শিক্ষার্থী সেবিকারা কাজে যোগ না দিলে সেবা-ব্যবস্থা ভেঙে পড়বে।