মেহেরপুরের গাংনী উপজেলায় অবৈধ ক্লিনিকে এক স্বাস্থ্য সহকারীর ভুল চিকিৎসায় নূরী খাতুন নামের চার বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির বাড়ি গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামে।
শিশুটির বাবা আবু জাফর জানান, তাঁর মেয়ের ডান বাহুতে একটি বড় ফোড়া হয়। চিকিৎসার জন্য গত শুক্রবার রাতে তিনি সন্তানকে নিয়ে গাংনী উপজেলার বামুন্দী বাজারের সততা ক্লিনিকে যান। সেখানে স্বাস্থ্য সহকারী নাজমুল হুদা দ্রুত অস্ত্রোপচার করে ফোড়াটি অপসারণের পরামর্শ দেন। এরপর ৩০০ টাকার চুক্তিতে নাজমুল হুদা অস্ত্রোপচার শুরু করেন। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে গাংনী থানায় ওই স্বাস্থ্য সহকারী, ক্লিনিকমালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।
নাজমুল হুদা নিজের ভুল স্বীকার করে মুঠোফোনে জানান, তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী। শিশুটির ফোড়া কাটার সময় অজ্ঞতাবশত বাহুর নিচের একটি শিরা কেটে যায়। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হলে মুহূর্তেই শিশুটির মৃত্যু হয়।
এদিকে গতকাল শনিবার সকালে এলাকার কয়েক শ লোক থানায় ভিড় করেন। তাঁরা অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার ও অবৈধ ক্লিনিকটি বন্ধ করার দাবি জানান। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, আসামিরা সবাই পলাতক।