কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় লামিয়া নামের সাত মাসের শিশুর মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ জহির উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা কামাল উদ্দিন ও শিশুরোগ বিশেষজ্ঞ মাকসুদা শারমিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মমতাজুল হক বলেন, তাঁরা জানতে পেরেছেন উপজেলার মা ও শিশু জেনারেল হাসপাতালে গত সোমবার একটি শিশু মারা গেছে। শিশুটির বাবা-মা ভুল চিকিৎসার অভিযোগ এনেছেন। এ ঘটনায় তদন্ত দল গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে মা ও শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। গত সোমবার দুপুরে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামের দেলোয়ার হোসেন পেটের পীড়ায় আক্রান্ত তাঁর মেয়ে লামিয়াকে ওই হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর লামিয়া মারা যায়।