শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌর এলাকার মজিদপুরে গতকাল বুধবার চার বছরের এক মেয়েশিশুর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শিশুটির বাবা শাহজাহান ও মা তাসলিমা আক্তারকে আটক করেছে।
শাহজাহানের পরিবারের দাবি, দাম্পত্য কলহের জের ধরে মা তাসলিমা আক্তারই তাঁর মেয়েকে হত্যা করেছেন।
সাভার মডেল থানা ও স্থানীয় লোকজন জানান, বছর তিনেক আগে মজিদপুরের ইদ্রিস আলীর ছেলে শাহজাহান ও রাজবাড়ী সদর উপজেলার ঘুঘুশাইল গ্রামের জাফর মোল্লার মেয়ে তাসলিমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে শাহজাহান এই সম্পর্কের কথা অস্বীকার করলে তাসলিমা বছর দুয়েক আগে সাভার মডেল থানায় মামলা করেন। এরপর শাহজাহান তাঁকে বিয়ে করতে বাধ্য হন। চার মাস আগে তাঁদের একটি মেয়েসন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় জান্নাতুল ফেরদৌস।
গতকাল বেলা ১১টার দিকে জান্নাতুলকে তার মা-বাবার শয়নকক্ষের বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর শিশুটিকে হত্যার অভিযোগে শ্বশুরবাড়ির লোকজন তাসলিমাকে আটক করে থানায় খবর দেন। বেলা তিনটার দিকে পুলিশ লাশটি উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য শাহজাহান ও তাঁর স্ত্রী তাসলিমাকে আটক করে থানায় নিয়ে যায়।
শাহজাহান বলেন, অসুস্থতার কারণে গত মঙ্গলবার দিবাগত রাতে তাঁর মেয়ের ঘুম হয়নি। পরে ভোরের দিকে মেয়েকে নিয়ে তাঁর স্ত্রী ঘুমিয়ে পড়েন। সকাল আটটার দিকে ঘুম থেকে উঠে বাইরে যান শাহজাহান। বেলা ১১টার দিকে বাসায় ফিরে মেয়েকে আদর করতে গিয়ে তিনি বুঝতে পারেন সে মারা গেছে। তখন তাঁর মেয়ে বিছানায় একাই ছিল। তাঁরা ধারণা করছেন, দাম্পত্য কলহের জের ধরে তাঁদের ফাঁসানোর জন্য তাঁর স্ত্রী মেয়েকে হত্যা করেছেন।
তবে তাসলিমা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার কারণে শাহজাহান তাঁকে বিয়ে করতে বাধ্য হন। পরে স্বেচ্ছায় তালাক দেওয়ার জন্য বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি তাঁকে নির্যাতন করে আসছিলেন। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন সম্প্রতি তাঁর সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেন।
তসলিমা বলেন, গতকাল সকাল ১০টার দিকে ঘুম ভাঙার পর তাঁর স্বামীকে তিনি বিছানায় পাননি। তখনো তাঁর মেয়ে ঘুমিয়ে ছিল। তিনি বিছানা থেকে উঠে বেলা ১১টার দিকে পাশের কক্ষে নাশতা খাচ্ছিলেন। এ সময় শোয়ার ঘর থেকে তাঁর স্বামীর চিৎকার শুনতে পান।