শিশুর মৃত্যুর হার কমেছে, দুশ্চিন্তা নবজাতকদের নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের মৃত্যুর হার কমানোয় বাংলাদেশের অর্জন আশানুরূপ। কিন্তু নবজাতক ও এক বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার কমার গতি খুব মন্থর।

স্বাস্থ্য বুলেটিন ২০১৩ এই তথ্য দিয়েছে। আজ রোববার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য বুলেটিনের মোড়ক উন্মোচন করেন।

অপুষ্টি ও দারিদ্র্য নিরসন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, সুপেয় পানি ও স্যানিটেশন সুবিধা সরবরাহে জাতিসংঘ ২০১৫ সালের মধ্যে পূরণের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবগুলো লক্ষ্যমাত্রা পূরণেই বাংলাদেশের অগ্রগতি লক্ষণীয়। তবে কোথাও কোথাও দেশটি পিছিয়ে আছে এখনো।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুমৃত্যুর হার ১৯৯০ সালের তুলনায় ৭১ শতাংশ কমেছে। এমডিজি ৪ অর্জিত হয়েছে। তবে নবজাতকের মৃত্যুর হার অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যুর হারের ৫৯ শতাংশ এবং অনূর্ধ্ব এক বছর বয়সী শিশুর মৃত্যুর হারের ৮০ শতাংশ, যা ধীরগতিতে কমছে। এ বিষয়ে নজর দিতে হবে।

স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর প্রধান কারণ জন্ম-পরবর্তী শ্বাসকষ্ট (৩২ শতাংশ), কম ওজনের কারণে জন্মগত জটিলতা (১৮ শতাংশ), সেপটিসেমিয়া (১৮ শতাংশ), নিউমোনিয়া (১০ শতাংশ) এবং এনকেফেলাইটিস (৪ শতাংশ)।

এ দিকে মাতৃমৃত্যুর হার ১৯৯০ সালে প্রতি লাখ জীবিত জন্মে ৫৭৪ থেকে কমে ১৯৪ হয়েছে। লক্ষ্যমাত্রা ১৪৩। বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখ করেছে, প্রসূতি সেবা গ্রহণের হার এখনো আশানুরূপ নয়। দক্ষ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রসব করানোর হারও কম। এইচআইভি এইডসে আক্রান্তদের সবার কাছে ওষুধ (অ্যান্টিরেট্রোভাইরাল) পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরও অগ্রগতি প্রয়োজন বলে মন্তব্য করা হয়েছে।

জনসংখ্যা আর চিকিত্সাসেবায় ভারসাম্য নেই: দেশে প্রতি তিন হাজার ২৯৭ জন মানুষের জন্য চিকিত্সক আছেন একজন। আর প্রতি এক হাজার ৬৯৯ জন মানুষের বিপরীতে হাসপাতাল শয্যা আছে একটি।

মৃত্যুর কারণ: বিভিন্ন পর্যায়ের সরকারি হাসপাতালে মৃত্যুর কারণ বিশ্লেষণ করা হয়েছে স্বাস্থ্য বুলেটিনে। ১২টি মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ৪০ হাজার মৃত্যু বিশ্লেষণ করা হয়। মৃত্যুর প্রধান কারণ হার্ট অ্যাটাক (৩ দশমিক ৫ শতাংশ), জেলা হাসপাতালের প্রায় ১৯ হাজার মৃত্যু কারণ বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু নবজাতকের জন্ম-পরবর্তী শ্বাসকষ্ট (১০ শতাংশ), উপজেলা হাসপাতালে প্রায় ৩৯ হাজার মৃত্যুর ঘটনা বিশ্লেষণে দেখা গেছে মৃত্যুর প্রধান কারণ অ্যাজমা (১ দশমিক ৪ শতাংশ)।