শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ হওয়ার এক দিন পর পাপন হাসান (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে বাড়ির পেছনের ধানখেত থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন।
বজ্রপাতে শিশু পাপনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পরিবার। গত বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখী শুরু হলে সে আম কুড়াতে গিয়েছিল।
পাপনের বাবা শাহজাহান মিয়া জানান, বিকেলে ঝড় শুরু হলে পাপন একটি ব্যাগ নিয়ে বাড়ির পাশে আম কুড়াতে ছুটে যায়। রাত আটটায়ও পাপন বাড়ি না ফেরায় আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। গতকাল ভোরে বাড়ির পেছনের ধানখেতে অনেক কুকুরকে ছোটাছুটি করতে দেখে তাঁরা সেখানে গিয়ে দেখেন পাপনের লাশ পড়ে আছে। তার পাশেই কুড়ানো আমের ব্যাগটি।