শিশুর সঙ্গে দেখা হলো মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বেবি অব নাজমা’
‘বেবি অব নাজমা’

শিশুটির সঙ্গে দেখা হয়েছে মায়ের। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘স্পেশাল কেয়ার বেবি ইউনিটে’ (স্ক্যাবু) নিয়ে যাওয়া হয় মাকে। সেখানে সন্তানকে দেখেন তিনি।
মা নাজমা বেগম অসুস্থ। জ্বর এসেছে। ভালোভাবে হাঁটাচলা করতে পারছেন না। তাঁকে ধরাধরি করে শিশুটির কাছে নিয়ে যাওয়া হয়। শিশুটির চাচা রেজওয়ান কবির বলেন, শিশুকে দেখে মা কাঁদতে শুরু করেন।
গুলিবিদ্ধ শিশুটির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। মুখে কিছু খেতে পারছে না। ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আশরাফুল হক গতকাল প্রথম আলোকে বলেছেন, ‘শিশুটি ঝুঁকিমুক্ত নয়। রক্তে সংক্রমণের একটা আশঙ্কা তৈরি হয়েছে। ওর রক্তের প্লাটিলেট ৫০ হাজারে নেমেছে। এর পরিমাণ কমপক্ষে দেড় লাখ হওয়ার কথা। তার জন্ডিস হয়েছে। স্যালাইন দেওয়া হচ্ছে।’ জন্মের পর মায়ের দুধ পেলে এই সংক্রমণ এড়ানো যেত বলে মনে করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে মাগুরা থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় মা নাজমা বেগমকে। মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুটির বাবা বাচ্চু ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দীর্ঘ যাত্রায় নাজমার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়েছে। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। তিনিও ঢাকা মেডিকেলে চিকিৎ​সাধীন।

শিশুটির বাবা গতকাল রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘মেয়ের অবস্থা ভালো না। কেমন বেহুঁশের মতো পড়ি আছে। অপারেশন হয়িছে। আরও নানা সমস্যা। মেয়ে আমার ভালো নেই।’

মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় গত বৃহস্পতিবার (২৩ জুলাই) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম (৩৫)। ওই সময় গুলি ও বোমায় আহত হন নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া। পরদিন তিনি মারা যান।

আরও পড়ুন: