শিশুর সুরক্ষায় জাতীয় ন্যায়পাল গঠন করা যেতে পারে: কৈলাস সত্যার্থী
শিশুর অধিকার রক্ষায় একটি ‘জাতীয় ন্যায়পাল’ গঠন করা যেতে পারে বলে মনে করেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী। তিনি বলেন, এই কমিশন শিশুর প্রতি নির্যাতন, শোষণ প্রতিরোধের পাশাপাশি শিক্ষাসহ শিশুর সব অধিকার নিশ্চিত করবে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারতীয় শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে ও শিশুশ্রম বন্ধে ‘১০০ মিলিয়ন ফর ১০০ মিলিয়ন’ প্রচারণার অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে গণসাক্ষরতা অভিযান।
কৈলাস সত্যার্থী বলেন, পৃথিবীর অনেক দেশে শিশু অধিকার রক্ষায় এ ধরনের কাঠামো আছে। বাংলাদেশের সব শিশুর সব অধিকার রক্ষায় একটি কাঠামো করা যেতে পারে, যেটা প্রধান বিচারপতি নেতৃত্ব দেবেন।
২০১৬ সাল থেকে কৈলাস সত্যার্থীর উদ্যোগে পৃথিবীর বিভিন্ন দেশে গৃহীত হয়েছে ‘১০০ মিলিয়ন ফর ১০০ মিলিয়ন’ ক্যাম্পেইন। সুবিধাবঞ্চিত ১০ কোটি শিশু-কিশোর-যুবাদের জীবনমান উন্নয়নে বিশ্বের ১০ কোটি যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করা হবে এই প্রচারণায়। বাংলাদেশ থেকে এই প্রচারণা চালাবে গণসাক্ষরতা অভিযান।
প্রচারণা সম্পর্কে কৈলাস সত্যার্থী বলেন, এই প্রচারণার উদ্দেশ্য—বিশ্বে ১০ কোটি তরুণ দাসত্ব, মানব পাচার ও শিশুশ্রমের শিকার। তাঁরা শিক্ষা থেকে বঞ্চিত, অসমতা, ন্যায়বিচার, অপুষ্টিতে, বাল্যবিবাহে আক্রান্ত। আর এই ১০ কোটি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে আরও ১০ কোটি মানুষ।
এই প্রচারণা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে কৈলাস সত্যার্থী বলেন, অবশ্যই এ প্রচারণা কার্যকর ভূমিকা রাখবে। প্রাথমিক শিক্ষা, শিশু মৃত্যুহার কমানোসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন রয়েছে। তা সত্ত্বে তরুণদের মাদকদ্রব্যের ব্যবহার, মানব পাচার, বাল্যবিবাহ, তরুণদের মৌলবাদে ঝোঁকা—এমন সমস্যাও আছে। এর মাঝে বাংলাদেশের এ ধরনের প্রচারণা খুব দরকার। তিনি বলেন, সমাজের উন্নয়ন ও শিশুদের ভালোর জন্য রাষ্ট্র, করপোরেট প্রতিষ্ঠান, সুশীল সমাজ, ধর্মীয় নেতা এবং তরুণ সমাজ—এই পাঁচটি শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে। এ ছাড়া আইন ও নীতিমালার বাস্তবায়নও দরকার।
রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে কৈলাস সত্যার্থী বলেন, ‘রোহিঙ্গাদের তো কোনো দোষ নেই। অথচ তাঁদের শিশুদের হত্যা করা হচ্ছে। আমি শক্তভাবে মিয়ানমারের প্রধানমন্ত্রীকে বলি এটা থামাতে। অভিবাসী ও শরণার্থী মানুষের শিশু—এটি একটি গভীর সমস্যা। শিশুদের বৈশ্বিক নাগরিক ভাবা উচিত। শিশুদের এর বাইরে রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সবার জন্য একটাই পৃথিবী তৈরি করতে চাই। আমরা দেখতে চাই, কোনো ভিসা, পাসপোর্ট নেই। যদি ইউরোপে হতে পারে, তবে এখানে কেন নয়।’
জঙ্গিবাদে তরুণদের জড়িয়ে পড়া প্রসঙ্গে কৈলাস সত্যার্থী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মৌলবাদের উপাদান তরুণদের ভুল পথে নিচ্ছে। যেহেতু মৌলবাদ বাড়ছে, আর যেসব শক্তি তাদের বিপথে নিচ্ছে, তাদের জবাব দেওয়া হবে। আমরা এর শেষ করতে চাই। আমাদের এগুলো থামাতে হবে।’
সংবাদ সম্মেলনে গণসাক্ষরতা অভিযানের রাশেদা কে চৌধূরী বলেন, এটা একটা বৈশ্বিক অভিযান আর বাংলাদেশ এই প্রচারণার দ্বিতীয় দেশ। এই আন্দোলন এগিয়ে নিতে গণমাধ্যমের একটি ভূমিকা রয়েছে।