শিশুর স্বার্থে রোজ এক মিনিট সময় দেবে তিন টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রতিদিন তাদের সবচেয়ে দামি সম্প্রচার সময়ে বিনা মূল্যে এক মিনিট শিশু অধিকারের বার্তা প্রচার করবে। সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টার মধ্যে এটিএন বাংলা, দেশ টিভি ও সময় টেলিভিশনে এ এক মিনিটের বার্তায় সাবান দিয়ে হাত ধোয়া থেকে শুরু করে শিশুশ্রমের বিরুদ্ধে প্রচারাভিযানসহ বিভিন্ন বিষয় উঠে আসবে। তথ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এসব জনসেবামূলক ঘোষণা বা পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট (পিএসএ) তৈরি করে দেবে জাতিসংঘ শিশু তহবিল—ইউনিসেফ।গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে চ্যানেল তিনটি ইউনিসেফের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ তিন চ্যানেলের পদক্ষেপকে ‘দৃষ্টান্তমূলক’ বলেন। তিনি অন্যান্য টেলিভিশন চ্যানেলকেও শিশু অধিকারের সুরক্ষার জন্য আরও নিবিড়ভাবে কাজ করতে আহ্বান জানিয়েছেন। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ক্যারেল ডি রয় আশা প্রকাশ করেন, এ সম্প্রচার শিশু-অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ জুবায়ের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।