শিশুর স্বীকারোক্তি: সাবেক ও বর্তমান তদন্ত কর্মকর্তাকে তলব
বগুড়ায় ছোট ভাইকে হত্যা মামলায় ১২ বছর বয়সী বড় ভাইয়ের কাছ থেকে ‘জোর করে’ স্বীকারোক্তি নেওয়ার বিষয়ে লিখিত ব্যাখ্যা জানাতে সারিয়াকান্দি থানার সাবেক উপপরিদর্শক নয়ন কুমারকে (পরিদর্শক, সিআইডি, নাটোর) ২২ আগস্ট আদালতে হাজির হতে হবে। পাশাপাশি ওই দিন মামলার কেস ডকেটসহ মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা মো. মনসুর আলীকে (উপপরিদর্শক, পিবিআই বগুড়া) আদালতে হাজির হতে বলা হয়।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ তারিখ নির্ধারণ করে দেন।
ওই মামলা এখন পিবিআই তদন্ত করছে। নয়ন কুমার মামলাটির প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন। তাঁর বিরুদ্ধে জোর করে শিশুটির স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ রয়েছে।
গত ২৯ জুন এক আদেশে হাইকোর্ট ওই দুই কর্মকর্তাকে ৩ আগস্ট আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। তবে করোনা পরিস্থিতিতে আদালত বন্ধ থাকায় ধার্য তারিখে শুনানি হয়নি বলে জানান আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি প্রথম আলোকে বলেন, আজ আবেদনটি কার্যতালিকায় শুনানির জন্য ওঠে। হাইকোর্ট ওই দুই কর্মকর্তাকে আদালতে হাজির হতে নতুন তারিখ নির্ধারণ করে দিয়েছেন। ২২ আগস্ট সকাল সাড়ে ১০টায় তাঁদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।
জোর করে ১২ বছর বয়সী শিশুর স্বীকারোক্তি নেওয়া বিষয়ে ১১ জুন ‘বিয়ারিং দ্য আনবিয়ারেবল’ শিরোনামে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে বগুড়ার আদালতে থাকা ওই হত্যা মামলার যথার্থতা ও আইনি দিক পর্যালোচনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী ২০ জুন হাইকোর্টে ওই আবেদন করেন, যার ওপর ২৯ জুন শুনানি হয়। শুনানি নিয়ে আদালত প্রথম তদন্ত কর্মকর্তার কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে দুই তদন্ত কর্মকর্তাকে ৩ আগস্ট হাজির হতে নির্দেশ দিয়ে আদেশ দেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।
আদালতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী শিশির মনির এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন শুনানিতে ছিলেন।
প্রকাশিত প্রতিবেদনের ভাষ্য, ২০১৫ সালের ২৫ আগস্ট ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধারের এক দিন পর সারিয়াকান্দি থানায় মামলা করেন তার বাবা মহিদুল। একই বছরের ২৯ নভেম্বর স্থানীয় থানা-পুলিশ তাঁর বাড়িতে যায়। জিজ্ঞাসাবাদের কথা বলে ১২ বছর বয়সী বড় ছেলেকে নিয়ে যায় তারা। পরদিন ৩০ নভেম্বর ১২ বছর বয়সী শিশুটিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।