শিশুরা আলো করে রেখেছিল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের দিনগুলি  প্রবাসে আলোর গান-হায়দার আলী খান, জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ শওকত ওসমান
মুক্তিযুদ্ধের দিনগুলি প্রবাসে আলোর গান-হায়দার আলী খান, জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ শওকত ওসমান

‘বইখানি ছোটো ছেলেদের পড়িবার জন্য। বাংলা ভাষায় এরূপ গ্রন্থের বিশেষ অভাব ছিল। ছেলেদের জন্য যে-সকল বই আছে তাহা স্কুলে পড়িবার বই; তাহাতে স্নেহের বা সৌন্দর্যের লেশমাত্র নাই; তাহাতে যে পরিমাণে উৎপীড়ন হয় সে পরিমাণে উপকার হয় না।’ যোগীন্দ্রনাথ সংকলিত হাসি ও খেলা বইটির গ্রন্থ সমালোচনা করতে গিয়ে শুরুতে এই কথাগুলো লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
শনিবার বেলা সাড়ে ১১টায় অমর একুশে গ্রন্থমেলা চত্বরে ঘুরতে ঘুরতে রবীন্দ্রনাথের এই গ্রন্থ সমালোচনাটি মনে পড়ে। মনে পড়ার কারণও আছে। এই লেখার একটা অংশে কবিগুরু লিখেছেন, ‘হাসি ও খেলা বইখানি সংকলন করিয়া যোগীন্দ্রবাবু শিশুদিগের এবং শিশুদিগের পিতামাতার কৃতজ্ঞতাভাজন হইয়াছেন।...নিঃসন্দেহে গ্রন্থখানি অনেক ব্যয়সাধ্য হইয়াছে। আশা করি, যাহাতে প্রকাশককে ক্ষতিগ্রস্ত না হইতে হয় সেজন্য বাঙালি অভিভাবক মাত্রেই দৃষ্টি রাখিবেন।’
অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিন শুক্রবারের মতো গতকাল শনিবারও অভিভাবকেরা দৃষ্টি রেখেছেন প্রকাশকদের প্রতি। এদিন বেলা ১১টা থেকে শুরু হয় শিশুপ্রহর। মেলার দ্বার খুলতেই বাবা-মায়ের হাত ধরে আসা শিশু-কিশোরদের ঢল নামে মেলায়। নানা বয়সী শিশুদের আনাগোনায় বিক্রি ‘ভালো’ হয়েছে বলে জানান প্রকাশকেরা।
হাটখোলা থেকে মেলায় এসেছিল মালিহা আইয়ুব। সঙ্গে ছোট ভাইটিও আছে। সোহরাওয়ার্দী উদ্যানের গেটের বাঁ পাশে কিছুদূর এগিয়ে প্রথমা প্রকাশনের স্টলের সামনে দেখা হলো মালিহাদের সঙ্গে। নেড়েচেড়ে দেখছিল কিশোর আলো। বলল, ‘মেলার শুরুতে নতুন বই কিনতে না পারলে বন্ধুদের থেকে পিছিয়ে পড়ব। তাই আজ চলে এসেছি চাচ্চুর সঙ্গে।’ মালিহা প্রথমা প্রকাশন থেকে কিশোর আলো ছাড়া আরও কিনেছে রকিব হাসানের দুটি বই হাতকাটা ভূত ও ডাইনির শহর, রাজীব হাসানের হরিপদ ও গেলিয়েন।
কলেজশিক্ষক ফাহমিদা বেগম এসেছেন তাঁর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে। উদয়ন স্কুলের ক্লাস সেভেনপড়ুয়া মাইশাকে তিনি কিনে দিয়েছেন বেশ কিছু নতুন বই। ফাহমিদা বলেন, ‘আজকাল বাচ্চারা স্মার্টফোন আর ট্যাবে ব্যস্ত থাকতে চায়। স্কুলের বইয়ের বাইরে কিছু পড়তে চায় না। আমি চাই, আমার বাচ্চাগুলো অন্তত বইমেলায় এসে বইয়ের প্রতি আগ্রহটা তৈরি করুক।’
মেলা ঘুরে দেখা গেছে, শিশুরা আলাদীনের জাদুর প্রদীপ, ডালিম কুমার, কেশবতী রাজকন্যা, ফুলকুমারী, ডাইনির অভিশাপ, সাগরতলে জলপরী, হ্যামিলিনের বংশীবাদক—এ ধরনের রূপকথা আর জাদুর বইয়ের খোঁজ করছে। পাশাপাশি কেউ আবার খুঁজেছে বিখ্যাত সব লেখকের ছড়ার বইও।

মুক্তির কাণ্ডারী তাজউদ্দীন  কন্যার অভিবাদন শারমিন আহ্‌মদ, দূর–সম্পর্ক বিশ্বজিৎ​ চৌধুরী
মুক্তির কাণ্ডারী তাজউদ্দীন কন্যার অভিবাদন শারমিন আহ্‌মদ, দূর–সম্পর্ক বিশ্বজিৎ​ চৌধুরী


দিলু রোড থেকে মা শিউলি জোহরার সঙ্গে আসা পৃথ্বী জানাল, সে খুঁজছে ছড়ার বই। ‘মা আর বাবা আমাকে পড়ে পড়ে শোনায়। আমার খুব ভালো লাগে ছড়া।’ শিশুসুলভ মন্তব্য পৃথ্বীর।
বইয়ের পাশাপাশি রংবেরঙে আঁকা বিভিন্ন আকারের কার্ড, ফেস্টুনও বিক্রি হয়েছে শিশুপ্রহরে। কেউ কিনেছে রং করার বই। নবাবপুর স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র আহনাফ জানাল, তাঁর পড়তে ভালো লাগে না। আঁকতে ভালো লাগে।’
মেলায় আসা ছোটদের অনেকেই বানান করে বই পড়ার মতো পরিণত হয়ে ওঠেনি, তবু বায়নার শেষ নেই। এটা চাই, ওটা চাই। ওরা কখনো ছুটেছে কার্টুন আর কমিকসের খোঁজে, কখনো নেড়েচেড়ে দেখেছে ছবির বইগুলো।
মেলায় ছোট-বড় সব প্রতিষ্ঠান শিশু-কিশোরদের জন্য চিন্তা করে নতুন বই এনেছে। পুরোনো জানা-অজানা লেখকের পাশাপাশি দেশের সমকালীন লেখক সেলিনা হোসেন, মুহম্মদ জাফর ইকবাল, রকিব হাসান, ইমদাদুল হক মিলন, আনিসুল হক, আহসান হাবীব, মোহিত কামাল, মোশতাক আহমেদ, সুমন্ত আসলাম ছোটদের জন্য নতুন বই এনেছেন।
মেলায় আসা নতুন বই
মেলায় গতকাল নতুন বই এসেছে ১৩৯টি এবং ৯টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ছায়াবীথি প্রকাশনী থেকে আসা আখলাকুর রহমান রাহীর শুরু হোক হিমালয় বইটির মোড়ক উন্মোচন করেন বিডিসাইক্লিস্টের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক।
মেলায় প্রথমা প্রকাশন এনেছে হায়দার আলী খানের মুক্তিযুদ্ধের দিনগুলি: প্রবাসে আলোর গান, বিশ্বজিৎ চৌধুরীর দূর-সম্পর্ক, বাংলা একাডেমি এনেছে শওকত ওসমান জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ, ঐতিহ্য এনেছে শারমিন আহমদের মুক্তির কাণ্ডারী তাজউদ্দীন: কন্যার অভিবাদন, অনুপম প্রকাশনী এনেছে মোরশেদ শফিউল হাসানের প্রসঙ্গ মুক্তিযুদ্ধ, মাওলা ব্রাদার্স এনেছে এবিএম মূসা স্মারকগ্রন্থ, হরিশংকর জলদাসের ইরাবতী, জাগৃতি প্রকাশনী এনেছে মাহবুবুর রহমান শিশিরের দূর বাগানের সাহেব, মেঘ প্রকাশনী এনেছে অনন্য কামরুলের মেঘমৌসুমের স্বরলিপি।