নাম মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। তবে মহিলাদের তুলনায় শিশুদের নিয়ে এই মন্ত্রণালয়ের কার্যক্রম কম বলে মনে করেন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের মতে, মন্ত্রণালয়ের কাজে বলতে গেলে শিশুরা অবহেলিত।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিশুদের জন্য মন্ত্রণালয়ের বাজেটও কম। শিশুদের নিয়ে অন্যান্য মন্ত্রণালয়ের কাজের সমন্বয় ও নজরদারি করা এই মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ হলেও তা-ও সেভাবে হচ্ছে না। জাতীয় শিশু নীতিসহ শিশুসংশ্লিষ্ট বিভিন্ন আইন ও নীতি বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকাও সন্তোষজনক নয়।
অবশ্য মন্ত্রণালয় বলছে, জনবল ও বাজেট স্বল্পতার কারণে সঠিক ভূমিকা রাখা যাচ্ছে না। শিশুদের জন্য কাজের পরিমাণ ও নজরদারি বাড়াতে পৃথক অধিদপ্তর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি সিলেটে রাজন, খুলনায় রাকিব হত্যা, মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়াসহ শিশুদের ওপর বিভিন্ন নির্যাতন ও সহিংসতা বেড়ে গেছে। ৬৭টি শিশু সংগঠনের মোর্চা বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে সারা দেশে হত্যা, ধর্ষণ, অপহরণ, রাজনৈতিক সহিংসতা, গ্রেপ্তার, আত্মহত্যা, স্কুলে শারীরিক নির্যাতন, বাল্যবিবাহসহ বিভিন্নভাবে নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে ১ হাজার ২৯৯ জন শিশু। এ তথ্যও ১০টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে করা। এর বাইরেও হয়তো আরও ঘটনা ঘটেছে, যেগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। সাম্প্রতিক ঘটনাগুলোর পর শিশুদের জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম কী, সে প্রশ্ন উঠেছে।
ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহেরীন প্রথম আলোকে বলেন, নারী ও শিশু নির্যাতন সেলসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নির্যাতনের শিকার শিশুদের সেবা দেওয়া হচ্ছে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় নির্যাতন প্রতিরোধে, বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে কাজ করতে অনেক সমস্যা হচ্ছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিও বলেছেন, মন্ত্রণালয়ের আওতায় নারীর তুলনায় শিশুদের জন্য করা কাজের পরিমাণ কম। বাজেট ও জনবল স্বল্পতাসহ এর পেছনে বিভিন্ন কারণও রয়েছে।
দেশের জনসংখ্যার কত শতাংশ শিশু, তা নিয়ে ভিন্নমত রয়েছে।
সরকার ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) শিশুর সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ বলছে। কিন্তু শিশুদের নিয়ে কাজ করা মানুষের জন্য ফাউন্ডেশনসহ বিভিন্ন বেসরকারি সংস্থা বলছে, শিশুর সংখ্যা ৩০ থেকে ৩৫ শতাংশ।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলাবিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত নারীদের জীবনমান উন্নয়নে কাজ করছে। অন্যদিকে শিশুদের জন্য কাজ করছে শুধু শিশু একাডেমী, তা-ও শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশ নিয়ে। ৬৪ জেলায় এবং এখন পর্যন্ত মাত্র ছয়টি উপজেলায় এই একাডেমীর কার্যক্রম রয়েছে। এ ছাড়া একজন উপসচিবের (শিশু ও সমন্বয়) নেতৃত্বে মন্ত্রণালয়ে একটি শিশু অনুবিভাগ রয়েছে। এই বিভাগে ডেস্ক অফিসারের দায়িত্বে আছেন একজন জ্যেষ্ঠ সহকারী সচিব। তবে জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের সার্বিক বিষয় দেখার জন্য কোনো প্রশাসনিক কর্মকর্তা নেই। মহিলাবিষয়ক কর্মকর্তা এবং শিশু একাডেমীর শিশুবিষয়ক কর্মকর্তা শিশুদের বিষয় দেখেন। কিন্তু শিশুবিষয়ক কর্মকর্তাদের দায়িত্ব হলো শিশুর বিকাশের দিকটি দেখা।
মন্ত্রণালয়ের কাজে কত শিশু উপকার পাচ্ছে, তার হিসাব নেই মন্ত্রণালয়ের কাছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটের (১২ আগস্ট আপডেট করা) বিভিন্ন তথ্য এবং সর্বশেষ ২০১২-১৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রণালয় মোট ২৭টি গুরুত্বপূর্ণ সেবা দিচ্ছে। এর মধ্যে শিশু দিবাযত্ন কেন্দ্র (১৯টি) পরিচালনা, আদালতে বিচারাধীন মামলায় নারী, কিশোরী ও শিশুদের নিরাপদ আবাসন কেন্দ্র (রাজধানীর লালমাটিয়ায়) চালানো, নির্যাতিত দুস্থ শিশুকল্যাণ তহবিলসহ ১১টি সেবা শিশুসংশ্লিষ্ট হলেও এগুলোর বেশির ভাগই নারী বা মাসংশ্লিষ্টও। যেমন: মাতৃত্বকালীন ভাতা কর্মসূচি, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে আইনি সহায়তা, মহিলা সহায়তা কেন্দ্র, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, জাতীয় ট্রমা কাউন্সেলিং সেন্টার, হেল্পলাইন ইত্যাদি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নারীর জীবনমান উন্নয়ন মানেই শিশুর উন্নয়ন—এ ধারণার বাইরে যেতে পারছে না মন্ত্রণালয়। এখন পরিস্থিতি বদলেছে, তা মন্ত্রণালয়কেও বুঝতে হবে।
মন্ত্রণালয়ের শিশু শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব রহিমা আক্তার প্রথম আলোকে বলেন, এই মন্ত্রণালয়ের জন্ম হয়েছিল নারীদের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে। পরে শিশুর বিষয়টি যুক্ত হয়।
মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ১৯টি কর্মসূচির মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরি, শিশু একাডেমীর জাদুঘর সংস্কার, হরিজন সম্প্রদায়ের নারী ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ সাতটি কর্মসূচি চলছে শিশুদের জন্য। এ ছাড়া চলমান ১৯টি প্রকল্পের মধ্যে পাঁচটি হচ্ছে শিশুদের জন্য। এ ছাড়া প্রস্তাবিত প্রকল্পের মধ্যে মাদকাসক্ত শিশুদের পুনর্বাসন, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টসহ কয়েকটির নাম রয়েছে।
শিশুদের জন্য কোথায় সেবা পাওয়ার ব্যবস্থা আছে, প্রচারের অভাবে তা-ও অনেকের অজানা। মন্ত্রণালয়ের অধীনে ২০১২ সালের জুনে ১০৯২১ টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া শিশুহত্যার একটি ঘটনাতেও প্রতিবেশী, এলাকাবাসীসহ পরিবারের কেউ এই হেল্পলাইনের সহায়তা চায়নি বলে জানালেন হেল্পলাইন সেন্টারে কর্মরত ব্যক্তিরা। তবে এ হেল্পলাইনে গত জানুয়ারি থেকে আগস্টের শুরু পর্যন্ত ৩৬ হাজার ১৬১ জন নারী ও শিশু সেবা নিয়েছে। তবে সেবা গ্রহণকারী শিশুদের হিসাব আলাদাভাবে রাখা হচ্ছে মে মাস থেকে।
হেল্পলাইন সেন্টারের প্রধান সমন্বয়কারী শায়লা ইয়াসমীন বলেন, মে থেকে জুলাই—এই তিন মাসে ৫০০ জন শিশু ও তাদের পরিবারের সদস্যরা বাল্যবিবাহসহ বিভিন্ন নির্যাতনের প্রতিকার চেয়ে ফোন করেছে। তাদের সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় ট্রমা কাউন্সেলিং সেন্টারের প্রধান ইসমত জাহান বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১০০ (১২ বছর বয়স পর্যন্ত) ছেলেশিশুসহ মোট ৬০৭ জন শিশুকে সেবা দেওয়া হয়েছে। ৬১১ জন নারী সেবা নিয়েছেন। ৬৪ জেলার দুজন করে শিক্ষকসহ অন্যদের শিশু অধিকার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলে আগের চেয়ে শিশু অধিকারের বিষয়ে সচেতনতা বেড়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, মন্ত্রণালয়ে শিশুদের জন্য বাজেট বরাদ্দ কম। সিংহভাগ বাজেট কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং দুস্থ নারীদের জীবনমান উন্নয়নে ভিজিডি কার্যক্রমের পেছনে ব্যয় হচ্ছে। তবে এবার বাজেটে প্রথমবারের মতো মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ পাঁচটি মন্ত্রণালয়ে শিশুদের হিস্যা আলাদাভাবে দেখিয়ে শিশু বাজেট তৈরি করেছে সরকার। অপর চারটি মন্ত্রণালয় হলো শিক্ষা, স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়। ২০১৫-২০১৬ অর্থবছরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় তাদের মোট বাজেটের ১৮ দশমিক ৫৯ শতাংশ শিশুদের উন্নয়নে বরাদ্দ রেখেছে, যা জাতীয় বাজেটের শূন্য দশমিক ১১ শতাংশ। তবে শিশু বাজেটের কতটুকু শিশুদের কল্যাণে ব্যয় হবে, তার জবাবদিহি বা মূল্যায়ন কীভাবে হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বেসরকারি সংস্থাগুলো।
মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়ক আবদুল্লা আল মামুন প্রথম আলোকে বলেন, শিশু বাজেটে কেবল পাঁচটি মন্ত্রণালয়ের শিশু হিস্যাকে এক জায়গায় করা হয়েছে। বছর শেষে এর মূল্যায়ন কে করবে? এক জায়গা থেকে এই মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। এ জন্যই শিশুদের জন্য আলাদা অধিদপ্তর গঠনের দাবি তোলা হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ বাজেট বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে অধিদপ্তরের কাছে জবাবদিহি করবে। অধিদপ্তর নিজ ক্ষমতাবলেই অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের কাজের মধ্যে সমন্বয় করবে।
সুবিধাবঞ্চিত শিশুদের পুনর্বাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে কর্মরত অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু বলেন, বিভিন্ন দাতাসংস্থা ও এনজিওর মাধ্যমে মন্ত্রণালয় যেসব প্রকল্প বাস্তবায়ন করছে, তার সেভাবে মূল্যায়ন হচ্ছে না। মূল্যায়নের জন্য আলাদা অর্থও বরাদ্দ নেই।
এদিকে বেসরকারি সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির পর মন্ত্রণালয় শিশুদের জন্য আলাদা অধিদপ্তর করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত প্রস্তাব পাঠানোর পর কিছু জায়গায় সংশোধনের জন্য তা আবার মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, শিক্ষা, শ্রম, সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় শিশুদের জন্য যে কাজ করছে, জনবলের অভাবসহ বিভিন্ন কারণে মন্ত্রণালয়ের পক্ষÿথেকে তা মনিটর করা কঠিন। জাতীয় শিশু নীতি বাস্তবায়নে মন্ত্রণালয়ের আলাদা বরাদ্দ না থাকলেও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়নের কাজ চলছে। এ ছাড়া যেসব মন্ত্রণালয় শিশুদের নিয়ে কাজ করছে, এ নীতি বাস্তবায়নে তাদের বরাদ্দ রাখার কথা।
প্রতিমন্ত্রী বলেন, শিশুদের জন্য পৃথক অধিদপ্তর হলে তাদের জন্য কাজের পরিধি বাড়ানো সম্ভব হবে। এ ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চলছে। তবে রাতারাতি সবকিছু করা সম্ভব নয়। দরিদ্র পরিবারের শিশুরা যাতে নির্যাতনের শিকার না হয়, সে জন্য তাদের মা-বাবার দারিদ্র্য বিমোচনের জন্য মন্ত্রণালয় কাজ করছে।