শিশুরা এসে দেখল বিদ্যালয় পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালবেলা শিশুরা তাদের বিদ্যালয়ে এসে দেখল, তাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে গেছে। শুধু কয়েকটি খুঁটি দাঁড়িয়ে আছে। রাজশাহীর পুঠিয়ায় শিশু একাডেমি নামের এই বিদ্যালয়টি গত শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বলে শিক্ষকেরা ধারণা করছেন।উপজেলার বানেশ্বরে অবস্থিত এই বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হতো। বিদ্যালয়ে ১৮০ জন শিক্ষার্থী রয়েছে। এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকায় বেশ সুনাম অর্জন করেছে।বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে তাঁরা খবর পান, শিশু একাডেমিতে আগুন লেগেছে। ছুটে আসতে আসতেই টিনের চালা ও ছনের বেড়ায় তৈরি বিদ্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পার্শ্ববর্তী অন্য বিদ্যালয়ের ভবনগুলো রক্ষা করেন।গতকাল দুপুরে পুঠিয়ার বানেশ্বরে গিয়ে দেখা যায়, শিশুরা বই-খাতা নিয়ে বিদ্যালয়ে এসে নির্বাক দাঁড়িয়ে আছে। তারা পোড়া বেঞ্চের টুকরোগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করছে।শিক্ষক আবদুর রকিব বলেন, তাঁর ধারণা, তাঁদের বিদ্যালয়ের ফলাফলে ঈর্ষান্বিত হয়ে কেউ এ কাজ করেছে। কয় দিন আগে তাঁদের বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে তিনজন বৃত্তি পেয়েছে। তিনি আরও বলেন, ‘পেট্রল বা দাহ্য কোনো পদার্থ দিয়ে আগুন লাগানো হয়েছিল। এ জন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।’তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সোহেল রানা বলে, ‘অন্য দিনের মতো বই নিয়ে সকালে ইশকুলে আইসি দেখি, ইশকুলঘর নাই। খালি ছাই, আর পুড়া খুঁটি।’মঞ্জুর রহমান নামের এক অভিভাবক বলেন, বিদ্যালয়ের পরিবেশটা বেশ নিরিবিলি ছিল। এখানে বাচ্চাদের খেলার জায়গাও ছিল। প্রধান শিক্ষক রাজন আলী শেখ বলেন, এর প্রতিবাদে কাল (আজ সোমবার) তাঁরা বানেশ্বরে মানববন্ধন করবেন।