শিশুরা ছড়িয়ে দেবে সম্ভাবনা বললেন স্পিকার
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রাতের আঁধার শেষে সকালের ঝলমল সূর্য যেমন সারা পৃথিবীতে আলো ছড়িয়ে দেয়, তেমনি শিশুরাও সুকুমারবৃত্তির চর্চার মাধ্যমে ছড়িয়ে দেবে সব সম্ভাবনা।
গতকাল বুধবার বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত শিশুদের মৌসুমি প্রতিযোগিতার পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন। তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পদক তুলে দেন।
বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে শিশুদের নিয়ে গত ১০ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শিশুদের মৌসুমি প্রতিযোগিতা শুরু হয়। উপজেলা, জেলা ও অঞ্চল (বিভাগীয়) পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে যেসব দল প্রথম স্থান অর্জন করে, তাদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্য থেকে দলীয়ভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের চারটি বিষয়ে মোট ৪৮টি স্বর্ণ ও রৌপ্যপদক, সনদপত্র এবং দলগতভাবে প্রত্যেক বিজয়ী দলকে ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মধ্য থেকে বাগেরহাটের দলীয় বিতর্কে দ্বিতীয় স্থান অধিকারী নাফফাতুন জিনান ও খুলনার জ্ঞান-জিজ্ঞাসায় দ্বিতীয় স্থান অধিকারী জোনায়ের বিন জাকির বক্তব্য দেয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও সচিব নাছিমা বেগম। বিজ্ঞপ্তি