শিশুরা দেখাল পুতুলনাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে আন্তর্জাতিক দ্বিবার্ষিক শিল্পকলা প্রদর্শনীতে গতকাল শিশুদের উপস্থাপনায় পুতুলনাচের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
কক্সবাজারে আন্তর্জাতিক দ্বিবার্ষিক শিল্পকলা প্রদর্শনীতে গতকাল শিশুদের উপস্থাপনায় পুতুলনাচের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

গল্পটা অনেকেরই জানা। গোপালভাঁড় এসেছে মিষ্টির দোকানে। দোকানির ছেলে তখন বসেছে মিষ্টি বিক্রি করতে। দোকানি তখন ভেতরে মিষ্টি বানাচ্ছিল। কোনো কথা না বলেই মিষ্টি খাওয়া শুরু করে গোপাল। দোকানির ছেলে বলে, ‘আপনি এভাবে মিষ্টি খাচ্ছেন কেন?’ গোপাল বলে, ‘আমার নাম মাছি। আমি এভাবেই মিষ্টি খাই।’ ছেলে বাবাকে বলছে, ‘বাবা, মাছি সব মিষ্টি খেয়ে ফেলছে!’
কক্সবাজারের স্থানীয় ভাষায় গোপালভাঁড়ের এমন মজার কয়েকটি গল্প পুতুলনাচের মাধ্যমে দেখাল কক্সবাজারের শিশুরা। জলপরি পাপেট স্টুডিও ৩০ জন শিশুকে একটি কর্মশালায় এ পুতুলনাচ প্রদর্শনীর জন্য তৈরি করে। আন্তর্জাতিক দ্বিবার্ষিক শিল্পকলা প্রদর্শনী কক্সবাজার ২০১৫-এর গতকালের আকর্ষণ ছিল এই পুতুলনাচ ও অরিগ্যামি প্রদর্শনী। কক্সবাজার ইনস্টিটিউট অ্যান্ড পাবলিক লাইব্রেরিতে এ উৎসব চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
অরিগ্যামি প্রদর্শনীতে ই হেরিয়ংয়ের হাত থেকে হৃদয় নিয়ে বাংলাদেশের মানচিত্রে লাগাচ্ছিল একটি শিশু। স্টিকার লাগানোর পর কোরীয় এই শিল্পী পরিষ্কার বাংলায় বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন, ‘খুশি?’ বাচ্চাটি ঘাড় নেড়ে হ্যাঁ-সূচক উত্তর দেওয়ার পর পাঁচটি আঙুল সামনে দিয়ে বলল, ‘হাই ফাইভ!’
বাংলা একটি নামও আছে এই শিল্পীর, নদী। নদীর সঙ্গে আছেন আরেক কোরীয় শিল্পী সিন সাংমি। তাঁরা দুজনে মিলে গত পাঁচ দিনে কক্সবাজারের ৩০ জন শিশুকে একটি কর্মশালায় অরিগ্যামি শেখাচ্ছিলেন। বাচ্চারা কাগজ দিয়ে বানিয়েছে রকেট, প্রজাপতি, নৌকা, ফুল, মাছ, তারা, চরকি।
এ ছাড়া প্রদর্শিত হচ্ছিল কোরীয় শিল্পী ইম কিয়ংসুক, ওয়াইন্ড স্টোন, উলমা ও ক্যালি এ-এর আলোকচিত্র। আলোকচিত্র আছে নদী ও সাংমিরও। পাশের ঘরে তখন পলাশ ভট্টাচার্যের একটি ভিডিও আর্ট প্রদর্শিত হচ্ছিল।
‘আহ্ সুন্দরবন’ নামে ১০টি সিরিজের একটি আলোকচিত্রের কাজ উৎসবে প্রদর্শিত হচ্ছে, যেখানে আছে পরিবেশদূষণে বিপর্যস্ত সুন্দরবনের দুঃখের কথা। সুন্দরবনে বাস করা প্রান্তিক মানুষদের জীবনসংগ্রামের ছবিও আছে সেখানে।
এ আয়োজনে সহযোগিতা করছে আগামী প্রকাশনী, নিত্য উপহার, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, ডিপার্ট আর্ট ম্যাগাজিন, ওপেন আর্ট স্কুল, ড্রিম আর্ট প্লে, অরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ, দৈনিক কক্সবাজার, ডিজিটাল হসপিটাল কক্সবাজার প্রাইভেট লিমিটেড, দ্য ডেইলি স্টার ও প্রথম আলো।
সন্ধ্যায় ছিল ঢাকার শিল্পী মেহেদি হাসান নীলের গান।