শিশুরা ধরল, বড়রা ছাড়িয়ে নিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বন্ধু ভৈরবে এসেছিলেন। তবে বেড়াতে নয়। মাদক সেবন করতে। প্রায়ই আসেন তাঁরা। কিন্তু গতকাল বৃহস্পতিবার ভৈরবে এসে তাঁরা বিপত্তিতে পড়ে যান। মাদকপাড়ায় প্রবেশের সময় যুবকদের পিছু নেয় একদল শিশু। কেন এসেছেন, বাড়ি কোথায়, কোথায় যাবেন—শিশুদের এমন প্রশ্নে যুবকেরা বিব্রত হন। শিশুদের বুঝতে অসুবিধা হয় না তাঁরা মাদকসেবী। শুধু মাদক সেবনের উদ্দেশ্যে অন্য কোথাও থেকে ভৈরবে এসেছে। ‘ওরা ফেনসিখোর’—বলেই শিশুরা যুবকদের তাড়া করে। তাঁরাও দৌড়ে পালানোর চেষ্টা করেন। উপায় না পেয়ে পানিতে ঝাঁপ দেন তাঁরা। একজন ধরা পড়েন। অন্যরা পালিয়ে যান। শিশুদের হাতে আটক যুবকের নাম তানভীর হাসান (২৪)। তিনি নরসিংদী সরকারি কলেজের ছাত্র। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ভৈরবে মাদক ব্যবসা এখন কিছুটা বাধার মুখে পড়েছে। তার পরও প্রতিদিন কয়েক শ লোক অন্য এলাকা থেকে মাদক সেবনের উদ্দেশ্যে ভৈরবে আসে। আগন্তুকদের বেশির ভাগ নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলের। দাম একটু বেশি হলেও ভেজালমুক্ত ফেনসিডিল বা হেরোইন পাওয়া যায়—এমন বিশ্বাস থেকে তাদের এই ভৈরবপ্রীতি। গতকাল সকালে ভৈরব রেলওয়ে স্টেশন কবরস্থানের সামনের মাঠে শিশুরা খেলছিল। এ সময় তাদের নজরে আসে চার যুবক বারবার মুঠোফোনে কথা বলছেন। কথার মধ্যে ফেনসিডিল আর দর-কষাকষির শব্দ পেয়ে শিশুদের কয়েকজন তাঁদের ঘিরে ধরে। পরে অন্য বন্ধুরা যোগ দেয়। বিপদ বুঝে যুবকেরা কেটে পড়ার চেষ্টা করেন। কিন্তু শিশুরা নাছোড়বান্দা। ধরা পড়ার পর তানভীর হাসান উপস্থিত জনতাকে জানান, বিশেষ একটি ঘটনার পর থেকে তিনি মাদক সেবন শুরু করেন। নরসিংদীতে খাঁটি ফেনসিডিল পাওয়া যায় না। তাই দাম বেশি হলেও ভৈরবে এসেছেন। তানভীর স্বীকার করেন, প্রতিদিন তাঁর মতো বহু মানুষ শুধু মাদক সেবনের জন্য ভৈরবের উদ্দেশে ট্রেন বা বাসের যাত্রী হয়। শিশু শিহাব উদ্দিন (১২) জানায়, পুলিশ ডাকতে যাওয়ার সময় স্থানীয় বড়দের কয়েকজন তাদের বাধা দেয়। পুলিশ পর্যন্ত যেতে না দিয়ে তাদের কাছ থেকে মাদক সেবন করতে আসা ব্যক্তিকে ছাড়িয়ে নেয়। অপর শিশু আরব (১০) বলে, ‘মাদক বন্ধে বড়রা তো তেমন কিছুই করে না। বরং মাঝে মাঝে আমরা এই জাতীয় কিছু করতে চাইলে ধমক দেয়, বিপদে ফেলার ভয় দেখায়। আজকের ঘটনার জন্যও দেখাচ্ছে।’ জানতে চাইলে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা জ্যেষ্ঠ উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘ট্রেন বা স্টেশন অভ্যন্তরের বিষয়টি আমরা দেখি। বাইরে থেকে সেবন করে এসে ট্রেনে উঠলে আমরা তো আর কিছু বুঝে উঠতে পারি না।’