
—নাম কী?
—সুমন (ছদ্মনাম)।
—কোন ক্লাসে পড়ো?
—এইট।
—কোন স্কুল?
—এই স্কুলে (সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়)।
সুমনের বাবা এই স্কুলেরই শিক্ষক। কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বুকে প্রতীকসংবলিত ব্যাজ ঝুলিয়ে স্লিপ হাতে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল সুমন।
তাকে ভোট দেওয়ার কক্ষে নেওয়া হলে জানানো হয়, আকবর হোসেন নামের ৫৫ বছর বয়সী এক ভোটারের স্লিপ তার হাতে। ভোট গ্রহণে দায়িত্বরত কর্মকর্তারা তাকে কেন্দ্র থেকে বের করে দেন। সুমনের সামনে দাঁড়িয়ে ছিল একই স্কুলের আরেক ছাত্র হিরণ (ছদ্মনাম)। সে–ও এসেছে জাল ভোট দিতে।
সুমন, হিরণের মতো আরও দুই স্কুলশিক্ষার্থীকে ভুয়া ভোটার হিসেবে শনাক্ত করেন কর্মকর্তারা।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মনসুরুল ইসলাম বলেন, ‘কয়েকজন প্রার্থীর এজেন্ট না থাকায় এ সমস্যা হচ্ছে। জাল ভোট ধরিয়ে দেওয়ার দায়িত্ব এজেন্টদের। তারপরও আমরা কাজ করছি।’
আমবাড়িয়া ইউনিয়নে দুজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। আওয়ামী লীগ থেকে আবদুস সাত্তার ও জাসদ থেকে নুরজাহান বেগম।
কুষ্টিয়ার খোকসা উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচনকে ঘিরে এজেন্ট অপহরণ, বুথ দখল, প্রকাশ্যে সিল ও জাল ভোটের ছড়াছড়ি লক্ষ করা গেছে। অবাধে জাল ভোট দিতে দেখা গেছে নৌকার প্রার্থীর পক্ষে। সাংবাদিকদের সামনেও ভোটারদের হাত থেকে ব্যালট কেড়ে নিয়ে সিল দেন নৌকার এজেন্টরা।
আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের হাত থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে সিল মারতে দেখা গেছে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সাত্তারের মেয়ে পারুল খাতুনকে। এই কেন্দ্রে সকালে ও দুপুরে দুবার গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সহায়তায় প্রকাশ্যে সিল মারতে দেখা গেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন কেন্দ্র পরিদর্শনে এসে ওই বুথে প্রবেশ করেন। তাঁর সামনেও নৌকার প্রার্থী আবদুস সাত্তারের মেয়ে পারুলকে প্রকাশ্যে সিল মারতে দেখা গেল। এসব দেখে পারুলকে কেন্দ্র থেকে বের করে দেন জয়নাল আবেদিন।
এর আগে সকালে আমবাড়িয়া ইউপি ভবন কেন্দ্রে জাসদ মনোনীত প্রার্থী নুরজাহান বেগমের দুই এজেন্ট কেন্দ্রে ঢুকতে যান। এ সময় তাঁদের জোর করে তুলে নিয়ে যান আবদুস সাত্তারের লোকজন। নুরজাহান বেগমের নির্বাচনী এজেন্ট নুরুজ্জামান অভিযোগ করেন, কেন্দ্রে ঢোকার আগে তাঁদের দুই এজেন্টকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেন নৌকার এজেন্ট ইয়াসিন আলী।
দুপুরে কণ্ঠগজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনেই জাল ভোট দেওয়া হচ্ছে। ছোট বাচ্চারা ভোট দিচ্ছে লাইনে দাঁড়িয়ে। অনেকেই তিন থেকে চারটি করে ভোট দেয়। এ সময় ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তারাও কোনো প্রতিবাদ করেননি।
সাংবাদিকেরা ওই কেন্দ্রে যাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান আসেন। তাঁর সঙ্গে বিজিবির টিম ছিল। তিনি আসার পরও জাল ভোট চলতে থাকে। তিনি ওই কেন্দ্রে অবস্থানকালে বিজিবি ও পুলিশ সদস্যরা জাল ভোট দেওয়ার সময় সেলিম ও মাহবুব নামের দুজনকে আটক করেন। এর মধ্যে মাহবুব ছিলেন কলেজছাত্র।
তৌফিকুর রহমান বলেন, ‘কেন্দ্রের ভেতর কী হচ্ছে, সেটা আমার দেখার বিষয় নয়। বাইরে কিছু হলে আমি সেটা দেখব। এসব বিষয় ইউএনওর কাছে জানতে হবে।’
দুপুরের দিকে শোমসপুর ইউনিয়নের বজরুখ মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই প্রার্থীর কর্মীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ দুটি গুলি ছোড়ে। এর বাইরে শোমসপুর, শিমুলিয়া ও ওসমানপুরে ব্যাপকভাবে জাল দেওয়ার ঘটনা ঘটেছে।
খোকসা উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা।