শিশুশিক্ষায় নিবেদিত দম্পতি
সরকারি সাহায্য ছাড়াই প্রায় ২০ বছর ধরে শিশু বিকাশ আদর্শ শিক্ষা কেন্দ্রের কার্যক্রম চলছে। বিদ্যালয়টির অবস্থান মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বগুড়া গ্রামে। এটি প্রতিষ্ঠা করেছেন ওই গ্রামের নওশের আলম (৬৩) ও মাহমুদা আলম (৫৫) দম্পতি। তাঁরা বিদ্যালয়ের জন্য জমি দিয়েছেন। নিজেদের টাকায় ঘর তৈরি করেছেন। বিদ্যালয়টির শিক্ষকেরাও স্বেচ্ছাশ্রমে পাঠদান করেন।
নওশের আলম অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আর মাহমুদা আলম গৃহিণী। তিন দশক আগে তাঁদের বিয়ে হয়। সম্প্রতি বগুড়া গ্রামে গিয়ে কথা হয় এই দম্পতির সঙ্গে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার কথা শোনান তাঁরা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে রয়েছেন মাহমুদা আলম। তিনি বলেন, ১৯৮২ সালে এইচএসসি পড়াকালে বিয়ে হয়। নওশের আলম ছিলেন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। সংসার ভালোই চলছিল। দীর্ঘদিন সন্তান না হওয়ায় তাঁদের একটা চাপা কষ্ট ছিল। তবে সব কষ্ট-হতাশা ঝেড়ে ফেলে তাঁরা সিদ্ধান্ত নেন মানুষের জন্য বাকি জীবনটা নিয়োগ করবেন। পরিকল্পনা করেন গ্রামের অসহায় হতদরিদ্র শিশুদের পড়ালেখার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠার।
নওশের আলম বলেন, ১৯৯৭ সালে আশপাশের পাঁচ গ্রামের শিক্ষানুরাগীদের নিয়ে সভা করেন তাঁরা। নিজেদের পরিকল্পনার কথা জানালে অনেকেই উৎসাহ দেন। তখন ওই গ্রামে কোনো বিদ্যালয় ছিল না। বিনা বেতনে পাঠদানে আগ্রহ দেখান পার্শ্ববর্তী ফুলবাড়ী গ্রামের কাজী আসাদুজ্জামান। তাঁকে দেওয়া হয় প্রধান শিক্ষকের দায়িত্ব। এখনো তিনি সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। ১৯৯৮ সাল থেকে শুরু হয় পাঠদান। নওশের আলম জানান, পর্যায়ক্রমে টিনশেডেরচারটি ঘর তৈরি করেন। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। প্রথম বছর শিক্ষার্থী ছিল ৯০ জন। প্রতিবছরই বাড়তে থাকে ছাত্রছাত্রীর সংখ্যা। পরে আশপাশে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীকমে গেছে। এ বছর শিশু শ্রেণিতে ১৫ জন ভর্তি হয়েছে। সব মিলিয়ে শিক্ষার্থী রয়েছে ১০৫ জন।
সম্প্রতি শিশু বিকাশ আদর্শ শিক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, চারটি টিনশেড ঘরে কক্ষ রয়েছে আটটি।সাতটিতে পাঠদান হয়। একটিতে বসেন শিক্ষকেরা।
মাহমুদা আলম বলেন, বর্তমানে বিদ্যালয়ে ছয়জন শিক্ষক পাঠদান করছেন। বেতন ছাড়াই সবাই কাজ করেন। মাঝেমধ্যে তাঁদের কিছু আর্থিক সহায়তা করা হয়। শিশুদের কাছ থেকে শুধু পরীক্ষা ফি নেওয়া হয়। তবে কোনো অভিভাবক খুশি হয়ে প্রতিষ্ঠানে অনুদান দিলে নেওয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন ওই গ্রামের গৃহবধূ ও স্থানীয় একটি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী জুলেখা খাতুন। তিনি বলেন, ‘পড়ালেখার পাশাপাশি এখানে কাজ করি। ভালো লাগার জায়গা থেকে বাচ্চাদের পড়াই।’ আরেক শিক্ষক রুম্পা খাতুন এইচএসসি পাস করেছেন। তিনি বলেন, ‘দরিদ্র পরিবারের বাচ্চারা যাতে ঠিকমতো পড়ালেখা করতে পারে, সে জন্য এ বিদ্যালয়ে পড়াচ্ছি।’
প্রথম শ্রেণির ছাত্রী অধরা খাতুন ও দ্বিতীয় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন বলে, ‘শিক্ষকেরা আমাদের খুব ভালোবাসেন। স্কুলে আসতে খুব ভালো লাগে।’
প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান বলেন, গত কয়েক বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে বিনা পয়সার স্কুল হওয়ায় অনেক অভিভাবক তাঁদের ওপর আস্থা রাখতে পারেন না। এ কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী কমে গেছে।