শিশুশিক্ষায় যুক্তরাষ্ট্রের ২০০ কোটি টাকা অনুদান
আগামী তিন বছর বাংলাদেশের এক লাখ ৩০ হাজার শিশুর স্কুলের পড়াশোনা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচির মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা (দুই কোটি ৬০ লাখ ডলার) অনুদান ঘোষণা করেছে।
আজ বুধবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা এ অনুদানের ঘোষণা দেন।
অনুদানটি ম্যাকগভার্ন-ডোল আন্তর্জাতিক শিশু পুষ্টি ও শিক্ষার জন্য খাদ্য কর্মসূচির একটি অংশ। ম্যাকগভার্ণ-ডোল কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী বেসরকারি স্বেচ্ছাসেবক সংস্থা ও বিদেশী সরকারদের সংগে ক্ষুধা বিমোচন এবং মেয়েদের ওপর বিশেষ গুরুত্বারোপ করে স্বাক্ষরতা ও প্রাথমিক শিক্ষা উন্নয়নের লক্ষ্যে কাজ করে।
২০০২ সালে চালু হওয়ার পর থেকে ম্যাকগভার্ণ-ডোল কর্মসূচি ৩৭টি দেশের প্রায় দুই কোটি আশি লাখ শিশু এই কর্মসূচির সুবিধা পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্প্রতি গাইবান্ধার হাসিলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সফরকালে ড্যান মজীনা এ ঘোষণা দেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী মুস্তাাফিজুর রহমান ও বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি ক্রিসটা রাডার।
ক্রিসটা রাডার বলেন, ‘২০০১ সালে বাংলাদেশে স্কুল খাদ্য কর্মসূচীর শুরু থেকেই যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় একটি নির্ভরযোগ্য সহযোগি এবং দাতা হিসেবে সংগে রয়েছে।’
রাডার বলেন, ‘বিশ্ব খাদ্য কর্মসূচি শুধুমাত্র বাংলাদেশের লাখ লাখ শিশুকে কেবল স্কুলে যেতেই সাহায্য করেনি বরং জাতীয় স্কুল খাদ্য কর্মসূচির বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সামর্থ্য বৃদ্ধিতেও সহযোগিতা করেছে। বর্তমানে সরকার বিশ্ব খাদ্য কর্মসূচির চেয়ে দ্বিগুণ শিশুদের নিকট এই সুবিধা পৌঁছে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় এই সাফল্য গাঁথায় গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছে।’
২০০১ সাল থেকে বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় বাংলাদেশের স্কুল খাদ্য কর্মসূচিতে এক লাখ পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন গম সহ সাত কোটি আট লাখ ডলার অর্থ সহায়তা দিয়েছে।