শিশুশ্রম নিরসন মানসিক প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক ঝুঁকিপূর্ণ শিশুশ্রমসহ সব ধরনের শিশুশ্রম নিরসনের বিষয়টি মানসিক প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘শিশুশ্রম নিরসন আমরা চাই কি না, সেটার জন্য মেন্টাল প্রিপারেশন লাগবে। আর এ ক্ষেত্রে সচেতনতা বাড়ানো সবচেয়ে বেশি জরুরি।’

প্রতিমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের অধীনে এনজিও পরিচালিত একটি ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের উদাহরণ দিয়ে বলেন, ‘টিভি ক্যামেরা নিয়ে গেছি। কিন্তু এনজিও পরিচালিত অনেকগুলো স্কুল বন্ধ পেয়েছি। আমরা ঝুঁকিপূর্ণ ৩৮টি কাজের তালিকা করে ফেলেছি। এসব কাজ শিশুরা করতে পারবে না। এখন দেখতে হবে, এগুলো বাস্তবায়ন হচ্ছে কি না।’ তাঁর মতে, পরিকল্পনা করে কাজ করলে দেশ থেকে ১৭-১৮ লাখ শিশু শ্রমিকে ফেরানো সম্ভব।
আজ মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং করণীয়’ শীর্ষক জাতীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধূরী।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামসহ পাঁচটি সংস্থার একটি কনসোর্টিয়াম শিশুশ্রম নিরসন প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় আজকের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা টেরে ডেস হোমস নেদারল্যান্ডস এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত আলোচনা সভায় জানানো হয়, জাতীয় শিশুশ্রম জরিপ ২০১৩ অনুযায়ী বাংলাদেশে ১৭ লাখ শিশু শ্রমে নিয়োজিত। এদের মধ্যে ১২ লাখ ৮০ হাজার শিশু নিয়োজিত রয়েছে ঝুঁকিপূর্ণ শ্রমে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভুঁইয়া। তিনি ২০১৫-পরবর্তী জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির সঙ্গে শিশুশ্রম, বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের বিষয়টি কীভাবে সম্পৃক্ত তা তুলে ধরেন। তিনি শিশুশ্রম নিরসনে সব শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক (গভর্নেন্স) তোফায়েল আহম্মেদ শিশুশ্রম নিরসনে স্থানীয় সরকার এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করার সুপারিশ করেন। শ্রম মন্ত্রণালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ের বিষয়টিতেও গুরুত্ব দেন তিনি। এ ছাড়া শুধু আইনের ভয় দেখিয়ে শিশুশ্রম বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, শিশুশ্রমের অনৈতিক ও অমানবিক দিকটি বুঝতে হবে। ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় গৃহকর্মীদের শ্রমকেও অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন তিনি।