শিশুশ্রম নিরসনে নতুন প্রকল্প
দেশে পাঁচ থেকে ১৭ বছর বয়সী প্রায় ৭৪ লাখ শিশু শ্রমে নিয়োজিত। এর মধ্যে ১৩ লাখ শিশু ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে। আর এদের মধ্যে শতকরা ৮০ ভাগ কখনোই প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে না।গতকাল বৃহস্পতিবার রাজধানীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন এর যৌথ উদ্যোগে গৃহীত এক প্রকল্পের সূচনা অনুষ্ঠানে এসব তথ্য দেওয়া হয়। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ‘করপোরেট সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে বাংলাদেশের শিশুশ্রম নিরসন করতে অংশীদারি’ নামের তিন বছরের ওই প্রকল্প হাতে নিয়েছে। ঢাকা মহানগরে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে এমন পাঁচ থেকে ১৮ বছরের সাড়ে ১২ হাজার ভাসমান শিশু ও তরুণকে সাড়ে ১২ কোটি টাকার এ প্রকল্পের আওতায় আনা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। আরও বক্তব্য দেন ইউরোপীয় কমিশনের সহায়তা শাখার প্রধান মিলকো ভ্যান গুল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, সেভ দ্য চিলড্রেনের শিক্ষাবিষয়ক মহাপরিচালক এলিজাবেথ পিয়ার্স ও সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মাইকেল ম্যাকগ্রাথ।