শিশুশ্রম বন্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিশুশ্রম অমানবিক কাজ। এটি অবশ্যই বন্ধ করতে হবে। এ জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। শিশুশ্রম বন্ধ করতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। গতকাল রোববার চট্টগ্রাম শিশু একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ছিল ‘উৎপাদন থেকে পণ্য ভোগ, শিশুশ্রম বন্ধ হোক’।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদ্যাপন পরিষদের উদ্যোগে গতকাল গোলটেবিল বৈঠক ও সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়। চট্টগ্রামে শ্রমজীবী শিশুদের নিয়ে কর্মরত প্রায় ৪০টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সমন্বয়ে এ পরিষদ গঠন করা হয়।
চট্টগ্রাম শিশু একাডেমী চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, চট্টগ্রাম শহর থেকে শিশুশ্রম নিরসনে সিটি করপোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। পরিচ্ছন্ন নগরী ও উন্নত পরিবেশ নিশ্চিত করতে হলে শিশুশ্রম নিরসনের বিকল্প নেই।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, শিশুশ্রম বন্ধ করতে হলে যেসব আইন রয়েছে, সেগুলোর যথাযথ প্রয়োগ জরুরি। দেশের উন্নয়ন পরিকল্পনা এমনভাবে সাজাতে হবে যাতে প্রত্যেক শিশুর মৌলিক চাহিদা মেটানো যায়।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান। ধারণাপত্র পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আলাউদ্দীন মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য দেন লেখক জেসমিন খান ও আনোয়ারা আলম, সিটি করপোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, জেসমিন পারভীন প্রমুখ।