শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগ নিন: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে শিশুশ্রম বন্ধ এবং তাদের সম্ভাবনা কাজে লাগাতে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সন্তানদের অভিভাবক, শিশুদের কাজে নিয়োগকারী প্রতিষ্ঠান, সুশীল সমাজ, গণমাধ্যম, শ্রমসংস্থা ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এ সময় শিশুশ্রম বন্ধে সুষ্ঠু কর্মপরিকল্পনা বা নীতিমালা গ্রহণ ও সেগুলোর যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জাতীয় মানবাধিকার কমিশন ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য ‘সংকট, দুর্যোগ যা-ই হোক, শিশুশ্রম বন্ধ হোক’।

রাষ্ট্রপতি বলেন, আর্থসামাজিক কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ থেকে এখনো শিশুশ্রম দূর হয়নি। বাসাবাড়িতে, কৃষি ক্ষেত্রে, কলকারখানায়, পরিবহন খাতে ও ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রে শিশুশ্রম এখনো দেখা যায়। তিনি দেশ থেকে শিশুশ্রমের অবসান ঘটাতে ও শিশুবান্ধব সমাজ নিশ্চিত করতে সুষ্ঠু সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, আমীর-উল ইসলাম, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি।