শিশুশ্রম বন্ধে ৮৭৫ কোটি টাকার প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১ সালের মধ্যে দেশ থেকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন ও ২০২৫ সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম বন্ধ করতে চায় সরকার। তাই শিশুশ্রম বন্ধে ৮৭৫ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে সরকার। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক গতকাল মঙ্গলবার খুলনা নগরের সিএসএস আভা সেন্টারে ‘জীবনের জন্য প্রকল্প’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান।

সারা দেশে শিশুশ্রমে নিযুক্ত শিশুদের সহায়তার জন্য ‘জীবনের জন্য প্রকল্প’ নামের প্রকল্পটি গ্রহণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি—এ রকম একটি সময়ে শিশুরা যদি শ্রমে নিযুক্ত থাকে, আমরা যদি তাদের যথাযথ বিকাশের সুযোগ করে না দিতে পারি, তবে তা হবে আমাদের জন্য চরম লজ্জাকর ব্যাপার।’

অনুষ্ঠানে শিশুশ্রম নিরসনে বাংলাদেশ সরকারের কার্যক্রম উপস্থাপন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোন্দকার মোস্তান হোসেন। জীবনের জন্য প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্প পরিচালক প্রভাস চন্দ্র বিশ্বাস।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে কয়েকজনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং জীবনের জন্য প্রকল্পের উপকারভোগীদের মধ্যে পারিবারিক আয় বৃদ্ধিমূলক উপকরণ বিতরণ করেন।