বাংলাদেশে সর্বজনীন প্রাথমিক শিক্ষা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের বাধা শিশুশ্রম। শিশুরা বাধ্য হয়ে বিদ্যালয় ছেড়ে পরিবারকে সহায়তা করতে শ্রমবাজারে ঢোকে। ভবিষ্যতে ভালো কাজের জন্য জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে না। এটাই দারিদ্র্যের দুষ্টচক্রকে স্থায়ী করেছে।বাংলাদেশের শিশুশ্রম-পরিস্থিতি নিয়ে ‘আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেনস ওয়ার্ক ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বিশ্বব্যাংক এই প্রতিবেদন তৈরি করেছে। গতকাল বৃহস্পতিবার নগরের একটি অভিজাত হোটেলে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, শিশুশ্রম কমাতে সরকারের নীতি বা রাজনৈতিক সদিচ্ছার অভাব নেই। তার পরও শিশুশ্রম নিরসন করা সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বেসরকারি প্রতিষ্ঠান ও দাতা সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৫-০৬ সালের জরিপ অনুযায়ী, স্কুল থেকে ঝরে পড়া বা কখনোই স্কুলে যায়নি—এ ধরনের ৭৯ লাখ ৬০ হাজার ৩৮৮টি শিশুর মধ্যে চিঠি লিখতে পারে ৩৫ লাখ ৮৩ হাজার ৮৪৫ শিশু। চিঠি লিখতে পারে না ৪৩ লাখ ৭৬ হাজার ৫৪৩ শিশু। অর্থাৎ স্কুলের বাইরে থাকা শিশুদের প্রায় অর্ধেকেরই ভাষাগত দক্ষতাটুকুও থাকে না। শ্রম ও কর্মসংস্থানসচিব শফিক আলম মেহেদী আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বলা হয়, প্রতিবেদনটি তৈরিতে শ্রম মন্ত্রণালয়ের শিশুশ্রম ইউনিট, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং আইএলও, বিশ্বব্যাংক ও ইউনিসেফের গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেনস ওয়ার্ক প্রোগ্রাম সহায়তা করেছে।অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রমসচিব শফিক আলম মেহেদী বলেন, একটি মন্ত্রণালয়ের পক্ষে বা শুধু আইন দিয়ে শিশুশ্রম নিরসন সম্ভব নয়। এ ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নিতে হবে।