শিশুশ্রমে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
বিশ্বের ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশ শিশুশ্রমের দিক থেকে দ্বিতীয়। তিন শতাধিক কাজে ৭৪ লাখ শিশু নিয়োজিত। ঝুঁকিপূর্ণ ৪৯টি কাজে নিয়োজিত ১৩ লাখ শিশু। ২০১৫ সালের মধ্যে শিশুশ্রম নির্মূলে শিশুবান্ধব করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) নীতি প্রণয়ন করা দরকার।
শিশুদের জন্য করপোরেট সামাজিক দায়বদ্ধতার জাতীয় নীতি প্রণয়নে আয়োজিত যুব সম্মেলন ২০১৩-এ গতকাল বুধবার বক্তারা এ তথ্য জানান।
ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সেভ দ্য চিলড্রেন যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।
সম্মেলনে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ফিলিপ জ্যাকুইস, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মাইকেল ম্যাকগ্রা প্রমুখ।
বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের যুব ক্ষমতায়ন প্রকল্পের কারিগরি উপদেষ্টা মো. ওবাইদুর রহমান ও কর্মসূচি পরিচালক শাহিদা বেগম প্রমুখ।