শিশুশ্রমেই চলছে টেম্পো-লেগুনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার চাকার যাত্রীবাহী গাড়ি লেগুনায় চালকের সহকারীর কাজ করছে এক শিশু। চট্টগ্রাম নগরের চকবাজারের কলেজ রোড এলাকা থেকে গতকাল দুপুর ১২টায় তোলা ছবি l সৌরভ দাশ
চার চাকার যাত্রীবাহী গাড়ি লেগুনায় চালকের সহকারীর কাজ করছে এক শিশু। চট্টগ্রাম নগরের চকবাজারের কলেজ রোড এলাকা থেকে গতকাল দুপুর ১২টায় তোলা ছবি l সৌরভ দাশ

ছয় মাস আগেও বন্ধুদের সঙ্গে হেসে-খেলে বিদ্যালয়ে যেত শিশু মইন (১১)। পড়াশোনায় আগ্রহও ছিল তার। পাঁচজনের সংসারে একটু সচ্ছলতা আনতে বই–খাতা ফেলে কাজে নামতে হয়েছে তাকে। এখন সে চার চাকার লেগুনার চালকের সহকারী। লেগুনার পেছনে দাঁড়িয়ে চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে কর্নেলহাট রুটে কাটে তার দিনের ৮-১০ ঘণ্টা।
শুধু মইন নয়, তার মতো আরও প্রায় তিন হাজার শিশু এখন চট্টগ্রাম নগরে পরিবহন খাতে শ্রমিক হিসেবে কাজ করছে। এই শিশুদের সবাইকে দিনে ১০ থেকে ১২ ঘণ্টা শ্রম দিতে হয়। তাদের অর্ধেকই নিজের কাজের ঝুঁকি সম্পর্কে কিছু জানে না। চট্টগ্রাম নগরের গণপরিবহনে শিশু শ্রমের পরিস্থিতি নিয়ে সম্প্রতি ১৬০ শিশুর (পরিবহনশ্রমিক) ওপর একটি সমীক্ষা হয়েছে। এতে দেখা গেছে, ৬৮ শতাংশ শিশুই কাজের সময় দুর্ঘটনার শিকার হয়েছে। এসব শিশু টেম্পো, লেগুনা, রাইডারসহ বিভিন্ন গণপরিবহনে কাজ করছে।
সমীক্ষার ফলাফল অনুযায়ী, শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৬৪ শতাংশ। যৌন নির্যাতনের শিকার হয়েছে ৬ শতাংশ। দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়া ৮৯ শতাংশ শিশু নিয়োগকর্তার কাছ থেকে চিকিৎসা সহায়তা পেয়েছে। গত ৭ থেকে ১৭ মার্চ পর্যন্ত নগরের ৩২টি এলাকায় ১৬০ শিশুশ্রমিকের ওপর এ সমীক্ষা চালায় বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল। এতে সহায়তা করেছে ইলমা ও ওয়াচ নামের আরও দুটি বেসরকারি সংস্থা।
সমীক্ষার ফলাফলে দেখা গেছে, তিন চাকা ও চার চাকার টেম্পো ও লেগুনাতেই শিশুরা বেশি কাজ করছে। তাদের মূল কাজ চালককে সহায়তা করা ও যাত্রী ওঠানো–নামানো এবং ভাড়া আদায় করা। তবে অনেক সময় চালক না থাকলে গাড়ির স্টিয়ারিংয়েও হাত দিতে হয় তাদের। দিনে ২০০ থেকে ৫০০ টাকা আয় তাদের।
২০১৩ সালে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৩৮ ধরনের কাজকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।
সমীক্ষায় অংশ নেওয়া শিশুদের পরিচয় চালকের সহকারী হলেও কখনো কখনো তাদের চালকের আসনেও বসতে হয়। ১৬০–এর মধ্যে ৬২ জনই অস্থায়ী চালক হিসেবে কাজ করেছে।
চট্টগ্রাম অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ বলেন, নগরে যেসব টেম্পো বা লেগুনা চলাচল করে, এগুলোর বেশির ভাগই পুরোনো। অভিজ্ঞ চালকেরা এসব টেম্পো চালাতে চান না। তাই কখনো কখনো চালকের অভাবে সহকারীর হাতে স্টিয়ারিং তুলে দিচ্ছেন মালিকেরা। প্রশাসন, বিআরটিএ ও মালিক-শ্রমিক সবাই বসে এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেন তিনি।
সমীক্ষায় দেখা গেছে, এসব শিশুর জীবনে বিনোদনের ব্যবস্থা নেই। এদের অন্তত ৪৫ শতাংশ শিশু কাজ ছেড়ে পড়াশোনা করতে চায়।
ঘাসফুল নির্বাহী কমিটির সভাপতি ও জরিপ দলের প্রধান মনজুর উল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরে মোট কত শিশু শ্রমিকের কাজ করছে, সে তথ্য কারও কাছে নেই। নির্দিষ্ট একটি খাতের শিশুশ্রমের পরিস্থিতি কী, তা তুলে ধরতে এ জরিপ করেছেন তাঁরা।
২০০৭ সালেও সংস্থাটি চট্টগ্রাম নগরের টেম্পোগুলোতে কত শিশু কাজ করে, সে হিসাব দেখিয়েছিল। ওই সময় নগরের টেম্পোগুলোতে প্রায় সাত শ শিশু কাজ করত।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য বলেন, চালক-মালিকদের নিয়ে বিভিন্ন সভায় শিশুদের এই কাজে নিয়োগ না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। কিন্তু দারিদ্র্যের কারণে এই খাতে শিশুদের নিয়োগ বন্ধ করা যাচ্ছে না।