শিশুশ্রমের মূল কারণ গণমানুষের দারিদ্র্য এবং অসচেতনতা। পরিবারের দরিদ্রতা ঘোঁচাতে শিশুরা ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিযুক্ত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ব্র্যাক লার্নিং সেন্টারের সম্মেলনকক্ষে আয়োজিত ‘শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা কার্যকর বাস্তবায়ন: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সাংবাদিক নাজিমুদ্দিন। লিখিত প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশে মোট ৭৪ লাখ শিশু অর্থনৈতিকভাবে সক্রিয়। বিদ্যালয়ে যাওয়ার কথা থাকলেও অর্থনৈতিক কারণে তাদের আয়-রোজগারে নেমে পড়তে হচ্ছে শিশুকাল থেকেই। এর মধ্যে ৩২ লাখ রয়েছে শিশুশ্রমিক এবং ১৩ লাখ অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে সম্পৃক্ত। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, শিক্ষাবিদ আনোয়ারা আলম, সাংবাদিক এম নাসিরুল হক প্রমুখ।