শিশুসন্তান নিয়ে বিপাকে বাকপ্রতিবন্ধী মেয়েটি
দিনমজুর বাবা ও গৃহিণী মায়ের সন্তান ১৮ বছর বয়সী মেয়েটি বাকপ্রতিবন্ধী। এলাকার এক প্রভাবশালী মেয়েটিকে ফুসলিয়া ধর্ষণের পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গ্রামে একাধিক সালিসেও এর কোনো সুরাহা হয়নি। গত জানুয়ারিতে মেয়েটি একটি কন্যাসন্তান প্রসব করে। সেই থেকে ওই প্রভাবশালী শিশুটিকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। গত বুধবার তিনি লোকজন নিয়ে শিশুটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় গ্রামবাসী এসে শিশুসহ মেয়েটিকে রক্ষা করে। ঘটনাটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী গ্রামের।প্রতিবন্ধী মেয়েটির বাবা-মা গত বৃহস্পতিবার উল্লাপাড়া প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বেতবাড়ী গ্রামের বাসিন্দা সাইফ উদ্দিন (৫০) গত বছরের মার্চের শুরুর দিকে তাঁদের মেয়েকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। কথা বলতে না পারায় বিষয়টি তখন তাঁরা কেউ বুঝতে পারেননি। মাস কয়েক পর মেয়ে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তাঁরা টের পান।মেয়ের বাবা জানান, উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলামের সহায়তায় গত বছরের ১৫ নভেম্বর মেয়ের মা বাদী হয়ে উল্লাপাড়া থানায় সাইফ উদ্দিনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর সাইফ হাইকোর্ট থেকে চার মাসের জামিন নেন। পরে এলাকায় এসে মামলা তুলে নিতে তাঁদের ওপর চাপ সৃষ্টি করেন। মেয়ের মা জানান, চলতি বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে তাঁর মেয়ে একটি কন্যাসন্তান প্রসব করে। এর পর থেকে সাইফ শিশুটিকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন। তিনি অভিযোগ করেন, গত বুধবার রাত ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১০-১২ জনকে নিয়ে সাইফ বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা শিশুটিকে ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। চিৎকার-চেঁচামেচি শুনে গ্রামের লোকজন এগিয়ে আসে। পরে তাদের সহায়তায় শিশুটি রক্ষা পায়। এ সময় সাইফের লোকজনের লাঠির আঘাতে গ্রামের লালচান, মানিক, মোতাহার, সাইফুলসহ কয়েকজন আহত হন। ঘটনার পর থেকে সাইফ ও তাঁর দলের লোকেরা পালিয়ে বেড়াচ্ছেন।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে গত বৃহস্পতিবার থানায় একটি অপহরণ ও হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলাম জানান, প্রতিবন্ধী মেয়েটির শিশুসন্তানটি এখন নিরাপত্তাহীন হয়ে পড়েছে। তাদের নিরাপত্তা দিতে এবং সাইফকে পরবর্তী মামলায় দ্রুত গ্রেপ্তার করতে তিনি উল্লাপাড়া থানার ওসিকে বলেছেন।অভিযুক্ত সাইফ উদ্দিনের বক্তব্য নিতে তাঁর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশী আবদুল কাদের, বেলাল হোসেন ও শুকুর আলী জানান, সাইফ গ্রামের প্রভাবশালীদের একজন। তাঁর স্বভাব-চরিত্র ভালো নয়।