শিশুসন্তান হত্যার দায়ে বাবা ও সৎমার মৃত্যুদণ্ড
রংপুরের পীরগঞ্জ উপজেলায় শিশুসন্তানকে হত্যার দায়ে বাবা ও সৎমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার কাফ্রিখাল শিমুলতলা গ্রামের আবু তাহের (৩২) ও তাঁর দ্বিতীয় স্ত্রী লাবণী বেগম (২০)। দুজনই বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম বলেন, পারিবারিক কলহের জের ধরে আবু তাহের ও লাবণী বেগম পরিকল্পিতভাবে প্রথম স্ত্রীর সাত বছরের মেয়ে তাজমিনা খাতুনকে ২০০৭ সালের ১৩ ডিসেম্বর রাতে নিজ বাড়িতে গলা টিপে হত্যা করেন। পরদিন নিহতের মামা সাদেকুল ইসলাম বাদী হয়ে আবু তাহের ও লাবণীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম ২০০৮ সালের ২৮ এপ্রিল দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আইনজীবী ফারুক বলেন, আবু তাহের আদালতে স্বীকার করেন, তিনি ও লাবণী মিলে তাজমিনাকে গলা টিপে হত্যা করেছেন। হত্যাকাণ্ডের পর থেকে লাবণী পলাতক। আবু তাহেরকে পুলিশ গ্রেপ্তার করলেও পরে জামিনে মুক্ত হন। এরপর থেকে তিনিও পলাতক রয়েছেন।