শিশুসন্তানকে জবাইয়ের পর মায়ের আত্মহত্যা
নানার কুলখানিতে যেতে চেয়েছিলেন লিপি আক্তার (২৪)। কিন্তু তাতে অপারগতা প্রকাশ করেন স্বামী আবদুল আজিজ। এতে স্বামী-স্ত্রীর মধ্যে হয় ঝগড়া। এ নিয়ে রাগে ও অভিমানে লিপি আক্তার ছয় মাসের শিশুসন্তান ইমনকে প্রথমে জবাই করেন। এর পর লিপি আত্মহত্যা করেন। গতকাল রোববার সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরুরিয়া গ্রামে লিপির স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ লিপি আক্তার ও শিশু ইমনের লাশ উদ্ধার করেছে। পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, আজ সোমবার বরুরিয়া গ্রামের রিকশাচালক আবদুল আজিজের স্ত্রী লিপি আক্তারের নানা হরিরামপুর উপজেলার কুশিয়ারচর গ্রামের তামু বেপারির কুলখানি অনুষ্ঠিত হওয়ার কথা।এ উপলক্ষে গতকাল রোববার সকালে লিপি আক্তারকে তাঁর বাবা-মা দাওয়াতে নেওয়ার জন্য মেয়ের বাড়িতে যান। কিন্তু আবদুল আজিজ এতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে।একপর্যায়ে তাঁদের মধ্যে তুমুল ঝগড়া বাধে। পরে লিপির বড় ছেলে আলিমকে নিয়ে যান তাঁর বাবা-মা। এরপর আজিজ রিকশা নিয়ে কাজে বের হয়ে যান। বেলা ১১টার দিকে আজিজ বাড়িতে এসে ঘর বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কিন্তু দরজা না খোলায় তিনি আশপাশের লোকজনকে ডাক দেন।পরে এলাকাবাসীর সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে শিশু ইমনের জবাই করা লাশ দেখতে পান। পাশেই স্ত্রী লিপি গলাকাটা অবস্থায় কাতরাচ্ছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন লিপিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।