শিশুসন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!
মেঝেতে পড়ে আছে সাত বছরের এক শিশু; মৃত। আর পাশেই আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলছেন তার বাবা।গতকাল শুক্রবার রাজধানীর দক্ষিণখান থানা এলাকার এক বাসা থেকে এই অবস্থায় ওই শিশু ও তার বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের নাম বজলুর রশিদ (৪০) ও ফাতেমা রশিদ ওরফে বর্ণালি (৭)। পুলিশের প্রাথমিক ধারণা, নিজ মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বজলুর রশিদ স্ত্রী ও দুই মেয়ে নিয়ে দক্ষিণখানের আশকোনা এলাকার একটি টিনশেড বাসায় থাকতেন। গতকাল সকালে বজলুরের স্ত্রী নাদিরা আক্তার বড় মেয়ে বনিয়া রশিদকে কাউলা এলাকায় কোচিং সেন্টারে নিয়ে যান। দুপুরের দিকে বাসায় ফিরে দেখেন, বজলুর রশিদ বাসার আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। আর মেঝেতে পড়ে আছে ছোট মেয়ে ফাতেমার লাশ। এ অবস্থা দেখে স্ত্রী নাদিরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। এরপর খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মিশারুল আরিফ বলেন, বজলুরের লাশ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলছিল। আর শিশু ফাতেমার গলায় ছিল রশি পেঁচানোর চিহ্ন।পরিবারের বরাত দিয়ে ডিসি বলেন, বছর তিনেক আগে বজলুর আরেকজনের লাইসেন্সে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিংয়ের (সিঅ্যান্ডএফ) ব্যবসা করতেন। কয়েক বছর ধরে তিনি তা করছিলেন না। এতে আর্থিক সমস্যা দেখা দেয়। এতে তিনি বেশ হতাশ ছিলেন। মাঝমধ্যে আত্মহত্যার কথাও বলতেন।বজলুরের শ্যালক আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত ফাতেমা স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আর্থিক সমস্যার কারণে বজলুর হতাশ ছিলেন। তবে এমন ঘটনা ঘটাবেন, কেউ কল্পনা করতে পারেনি। কারণ, বজলুর গত বৃহস্পতিবার রাতেও বিভিন্ন আত্মীয়স্বজনের সঙ্গে ফোনে কথা বলেছেন।