শিশুসন্তানদের সামনেই বাবাকে বেঁধে লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোমরে দড়ি বেঁধে আমজাদকে (গেঞ্জি পরা) বাড়ি থেকে স্থানীয় স্কুলমাঠে নেওয়া হয়। এ সময় শিশু আফরিন তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর শিশুটির সামনেই পেটানো হয় আমজাদ ও ছহিরুলকে (ডানে)। গত সোমবার তোলা ছবি ষ প্রথম আলো
কোমরে দড়ি বেঁধে আমজাদকে (গেঞ্জি পরা) বাড়ি থেকে স্থানীয় স্কুলমাঠে নেওয়া হয়। এ সময় শিশু আফরিন তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর শিশুটির সামনেই পেটানো হয় আমজাদ ও ছহিরুলকে (ডানে)। গত সোমবার তোলা ছবি ষ প্রথম আলো

আমজাদ হোসেনের হাত-পা বেঁধে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন চেয়ারম্যান ও তাঁর লোকজন। আমজাদের তিন শিশুসন্তান ভয়ে হাউমাউ করে কাঁদছে আর আছাড়িপিছাড়ি করছে বাবাকে বাঁচাতে। অন্যরা ধরে রেখেছে অবুঝ ওই তিন শিশুকে। এভাবে তাদের সামনেই তিন-চার ঘণ্টা ধরে চলে আমজাদের ওপর ওই নির্যাতন।
গত রোববার রংপুরের বদরগঞ্জে ঘটেছে মধ্যযুগীয় কায়দায় ওই নির্যাতনের ঘটনা। স্থানীয় কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক ও তাঁর লোকজন চালান এ নির্যাতন। তাঁদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার বদরগঞ্জ থানায় মামলা করেছেন আমজাদ হোসেনের বাবা আবদুল গফুর। শহিদুল হকসহ মামলার অপর ১১ আসামির মধ্যে আছেন গ্রাম পুলিশের সদস্য আবদুর রহিম, আবদুল মান্নান, শাফি মিয়া ও মোশারফ হোসেন। এঁদের মধ্যে আবদুর রহিম ও আবদুল মান্নানকে গতকাল শুক্রবার বিকেলে গ্রেপ্তার করা হলেও এখনো পুলিশ গ্রেপ্তার করেনি ইউপি চেয়ারম্যানকে।
অভিযোগ পাওয়া গেছে, চেয়ারম্যান ও তাঁর সাঙ্গপাঙ্গরা আমজাদের পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার গফুরের পাড়া গ্রামের অটোরিকশাচালক আমজাদ হোসেন (৩৫) ও প্রতিবেশী পাঁচ ব্যক্তি মিলে কোরবানির জন্য কাঁচাবাড়ী মৌলভীপাড়া গ্রামের ছহিরুল ইসলামের বাড়ি থেকে গত শনিবার ১১ হাজার টাকায় একটি গরু কেনেন। গরুটি এনে রাখা হয় আমজাদের বাড়িতে। পরদিন শহিদুল হকের নির্দেশে গ্রাম পুলিশের সদস্যরা গরু কেনার বৈধ কাগজপত্র (হাসিল) না পেয়ে আমজাদ হোসেন ও গরু বিক্রেতা ছহিরুল ইসলামকে আটক করেন। এরপর তাঁদের কোমরে দড়ি বেঁধে পেটাতে পেটাতে স্থানীয় বৈরামপুর উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়।
মাঠে সমবেত লোকজনের উদ্দেশে শহিদুল বলেন, ‘নির্বাচনে আমার পক্ষে যাঁরা কাজ করেছে, তাঁরা মদাড়ু, জুয়াড়ু বা চোর নয়। আমার বিরুদ্ধে যাঁরা ভোট খেলছে, তাঁরা ভালো মানুষ না। এঁরাই (আমজাদ-ছহিরুল) তাঁরা। যাঁদের ধরা হয়েছে তাঁদের কী করা উচিত?’ এ সময় চেয়ারম্যানের লোকজন বলে ওঠেন, ‘ফাঁসি দেওয়া উচিত।’ তখন তিনি বলেন, ‘আনো দড়ি, দেও ফাঁসি।’
এরপর চেয়ারম্যান ও তাঁর লোকজন লাঠি ও রড দিয়ে আমজাদ ও ছহিরুলকে পেটানো শুরু করেন। এ সময় আমজাদের দুই অবুঝ মেয়ে আফরিন (১০) ও আঁখি (৭) কান্নাকাটি করে বাবাকে না পেটানোর জন্য চেয়ারম্যান ও তাঁর সাঙ্গপাঙ্গদের হাতে-পায়ে ধরে। আমজাদের স্ত্রীর কোলে থাকা তাঁর আরেক মেয়ে পাখিও (৫) কান্নাকাটি শুরু করে। কিন্তু তাঁদের কান্না কারও মন গলাতে পারেনি। অবুঝ শিশুদের সামনে হাত-পা বেঁধে মাটিতে ফেলে আমজাদকে পেটানো হয়। প্রায় চার ঘণ্টা পেটানোর পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
গফুরের পাড়া গ্রামের বাসিন্দা মহেব্বুল হোসেন, দেলোয়ার হোসেন ও দুলু মিয়াসহ অনেকে জানান, আমজাদ ও ছহিরুল চোর নন। তাঁদের ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
আমজাদের স্ত্রী কুলসুম বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ‘হাত-পা বেঁধে চোখের সামনে বাবাকে মাটিতে ফেলে পেটানোর দৃশ্য দেখার পর ওই দিনই আফরিন ও আঁখির জ্বর আসে। জ্বর এখনো কমছে না। আফরিন রাতে ঘুমের মধ্যেই চিৎকার করে বারবার বলছে, “ওরা আমার বাবাকে মারতেছে কেন? আমার বাবা কোথায়?’’’
মামলার বাদী আবদুল গফুর অভিযোগ করে বলেন, ‘আমার নির্দোষ ছেলেকে পিটিয়ে জেলে পাঠানোর পরও ইউপি চেয়ারম্যান শহিদুল হক বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। মামলা হলেও পুলিশ তাঁকে ধরছে না। চেয়ারম্যান ও তাঁর সাঙ্গপাঙ্গরা আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বিগত ইউপি নির্বাচনে শহিদুল হকের পক্ষে কাজ না করায় তিনি আমার ছেলেটার প্রতি প্রতিশোধ নিচ্ছেন।’
জানতে চাইলে ঘটনার পরদিন চেয়ারম্যান শহিদুল হক প্রথম আলোকে বলেন, ‘যাঁদের পেটানো হয়েছে, তাঁরা ভালো লোক নয়। এলাকার মানুষজন তাঁদের পিটিয়েছে। আমি নিজে হাতে কাউকে পিটায়নি।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক চৌধুরী গতকাল বিকেলে বলেন, মামলার পর থেকে চেয়ারম্যান পলাতক রয়েছেন। তবে গ্রাম পুলিশের দুই সদস্য আবদুল মান্নান ও আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রামের নাম গফুরের পাড়া: সরেজমিনে ঘুরে জানা গেছে, বৈরামপুর গ্রামের আমজাদ হোসেনের বাবা আবদুল গফুর একসময় ছিলেন এলাকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। ৮০ বিঘার মতো সম্পত্তি ছিল তাঁর। কিন্তু অধিকাংশ জমি বিনা মূল্যে গরিব-দুঃখী মানুষকে দিয়ে দিয়েছেন বাড়িঘর তৈরি করার জন্য। গ্রামে নিজের জমিতে মসজিদ নির্মাণসহ গরিব মানুষের বিপদে-আপদে সাহায্য-সহায়তা করেন তিনি। তাঁর এই মহানুভবতায় মুগ্ধ হয়ে প্রায় ২৫ বছর আগে গ্রামের মানুষই তাঁর নামে গ্রামের নামকরণ করেছে ‘গফুরের পাড়া’ গ্রাম। সরকারি নথিপত্রেও এখন গ্রামটির নাম ‘গফুরের পাড়া’।
চেয়ারম্যানের অত্যাচারের কাহিনি: এলাকায় ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ইউপি চেয়ারম্যান শহিদুল হকের আরও নির্যাতনের নানা অভিযোগ। নির্বাচনে তাঁর বিপক্ষে কাজ করায় গত এক বছরের মধ্যে কালুপাড়ার মাস্টারপাড়া গ্রামের টেম্পোচালক তোফাজ্জল হোসেন (৪০), হাসুরপাড়া গ্রামের হাসমত উল্লাহ (৫০), দরবেশের পাড়া গ্রামের মনি বেগম (৩০), শঙ্করপুর গ্রামের আশরাফ আলী (৩২) ও উন্তাপাড়ার জিয়ারুল হককে (৩৫) চেয়ারম্যান প্রকাশ্যে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আনোয়ারুল হক। মাস দুয়েক আগে তাঁকে দিনদুপুরে রাস্তায় ফেলে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন চেয়ারম্যান। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে।
এর আগে ২০১১ সালের ৩১ অক্টোবর বদরগঞ্জ কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ভোটারকে লাঞ্ছিত করেন চেয়ারম্যান শহিদুল। এ সময় স্থানীয় পৌর কাউন্সিলর ফেরদৌসী বেগম এগিয়ে গেলে চেয়ারম্যান তাঁকে মাটিতে ফেলে বেধড়ক পেটান। এ ঘটনায় ফেরদৌসী বেগম চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন। এত সব ঘটনার পরও গ্রেপ্তার হননি শহিদুল হক।
এসব অভিযোগের বিষয়ে জানতে গতকাল চেয়ারম্যান শহিদুল হকের মুঠোফোনে কয়েকবার ফোন করেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।