শিশুসহ আটক বাংলাদেশি নারীকে ফেরত বিএসএফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হামিদা বেগম (২৪) ও শিশুসন্তান সেলিম হোসেনকে (৫) গত সোমবার রাত ১০টায় ফেরত দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার হামিদা বেগমের চাচার কাছে তাঁদের হস্তান্তর করেছে বিজিবি। 

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে স্থানীয় দালালের মাধ্যমে সন্তানকে নিয়ে পাসপোর্ট ছাড়াই কাজের খোঁজে ভারতে যান হামিদা। কোচবিহার-৩৮ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাঁকে আটক করে। বিএসএফের উপস্থিতি টের পেয়ে দালালেরা পালিয়ে যায়। বিষয়টি বিএসএফ লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের মোগলহাট বিজিবি ক্যাম্পকে জানায়। রাত ১০টার দিকে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে হামিদাকে ফেরত দেয় বিএসএফ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, পতাকা বৈঠকে সন্তানসহ হামিদা বেগমকে ফেরত দিয়েছে বিএসএফ। দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারতে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।