শিশুসহ আটজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী, পাবনা ও সিরাজগঞ্জের রায়গঞ্জে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত হয়েছেন। রাজবাড়ীর পাংশায় গত সোমবার পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেলের চার আরোহী মারা যান। পাবনা সদর ও সুজানগর উপজেলায় গতকাল মঙ্গলবার বাস ও নছিমনের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। এ ছাড়া সোমবার বিকেলে রায়গঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় মোকলেছ (৭) নামের এক শিশু নিহত হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজবাড়ী: সোমবার বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে পাংশার হেনার মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপর আরোহীর মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন: সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মৌরালিপুর গ্রামের লোকমান শেখের ছেলে আবদুস সালাম শেখ, কিয়ামউদ্দিন মণ্ডলের ছেলে আকু মণ্ডল ও টুকু শেখের ছেলে তালেব শেখ। প্রায় একই সময়ে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের আরোহী আবদুর রশিদ ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুই আরোহী আহত হন। নিহত আবদুর রশিদ পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের নাদের হোসেনের ছেলে।পাবনা: গতকাল বেলা দেড়টার দিকে সাঁথিয়া উপজেলা সদরের শুভ রহমান (৩৩) ও বেড়া উপজেলা সদরের আরিফুল ইসলাম (৩২) মোটরসাইকেলে করে পাবনা থেকে সাঁথিয়া যাচ্ছিলেন। পাবনা-ঢাকা মহাসড়কের গঙ্গারামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। সুজানগর উপজেলার গকুলপুর গ্রামে গতকাল দুপুরে নছিমনের চাপায় পলাশ হোসেন (৩৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পলাশের বাড়ি ঘটনাস্থলের পাশেই। রায়গঞ্জ (সিরাজগঞ্জ): রায়গঞ্জ পৌরসভার ক্ষুদ্রসাদরা গ্রামের নূরুল ইসলামের ছেলে মোকলেছ (৭) সোমবার বিকেলে উপজেলার ধানগড়া-রায়গঞ্জ সড়কের ছেলোমগাঁতী সেতুর কাছে দাঁড়িয়ে ছিল। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত ওই শিশুটিকে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ওই দিন রাতে তাঁর মৃত্যু হয়।