এ ছাড়া রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষও হয়েছে কয়েক জায়গায়। অবরোধের পাশাপাশি গতকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল জামায়াতে ইসলামী। মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে এ কর্মসূচি দেয় জামায়াত। একই কারণে আজ মঙ্গলবারও দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
আজ সকাল ছয়টায় ৭২ ঘণ্টার এই রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ কর্মসূচি শেষ হওয়ার কথা থাকলেও তা আরও ৭২ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত করা হয়েছে। বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ গতকাল অজ্ঞাত স্থান থেকে পাঠানো ভিডিও বার্তায় অবরোধ বাড়ানোর কথা জানান। এর ফলে চলতি সপ্তাহের ছয় দিন এবং গত ২৬ নভেম্বর থেকে তিন দিন বাদে ১৪ দিনই অবরোধ দেওয়া হলো।
প্রথম দুই দফার অবরোধে প্রাণ হারান ৫৫ জন। গত সপ্তাহে দ্বিতীয় দফার টানা ১৩১ ঘণ্টা অবরোধে আহত দুজন পরে মারা যান। শনিবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া তৃতীয় দফার অবরোধে রোববার সুনামগঞ্জে সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত হন। গতকাল নিহত হয় দুজন। সব মিলিয়ে অবরোধে এ পর্যন্ত প্রাণ হারালেন মোট ৬০ জন।
বিএনপির সূত্র জানায়, আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিন অবরোধ কর্মসূচি থাকছে না। শুক্রবার (১৩ ডিসেম্বর) কর্মসূচি থাকছে না। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মাঝের ১৫ ডিসেম্বর দলটি অবরোধ না দিয়ে সারা দেশে বিক্ষোভ-সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।
তৃতীয় দফার অবরোধের তৃতীয় দিন গতকাল বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী বাজারে সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন দেন ১৮ দলের নেতা-কর্মীরা। খবর পেয়ে থানার পুলিশের দুটি দল ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে। এ সময় শিশু সুমন সরকার (১২) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনার খবর সংগ্রহ করে ফেরার পথে দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সিরাজগঞ্জ প্রতিনিধি আবদুস সামাদ সায়েম ও দৈনিক সমকাল-এর সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম খানকে অবরোধকারীরা মারধর এবং তাঁদের বহনকারী মোটরসাইকেল ভাঙচুর করেন। একই সময়ে বহুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
বগুড়া শহরের থানা মোড়সংলগ্ন চকযাদু সড়কে রাত সাড়ে নয়টার দিকে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর তারা বিআরটিসি বিপণিবিতানের সামনের সড়কে শেরপুর ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রভাষক জিয়া উদ্দিন জাকারিয়াকে (৪৫) রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। তিনি জেলা সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম আহ্বায়ক ও গণজাগরণ মঞ্চের কর্মী। জেলা সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক মাসুদুর রহমান অভিযোগ করেন, জামায়াত-শিবির এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
কুমিল্লার দেবীদ্বারে ভোরে জামায়াতের কর্মীরা একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করলে ট্রাকচালক আবদুর রহমান ও তাঁর সহকারী বাকপ্রতিবন্ধী মুজিবুর রহমান দগ্ধ হন। ট্রাকচালক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মুজিবুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রোববার রাত ১২টার দিকে রেলপথে নাশকতা প্রতিরোধের দায়িত্বে থাকা আনসারের তিন সদস্য শওকত আলী, আলিবদ্দীন ও মনজুর হোসেনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম নগরের অলংকার মোড় ও কর্নেলহাটে পুলিশ অবরোধকারীদের ধাওয়া করে। অবরোধকারীরা ককটেল ছুড়লে পুলিশও রাবার বুলেট ছোড়ে। বাকলিয়ার তুলাতুলী ও মিয়াখান নগরে শিবিরের কর্মীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করলে বাকলিয়া থানার এসআই আনোয়ার, এএসআই ময়নাল হোসেন আহত হন। তাঁরা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।
নড়াইলে রোববার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা জেলা প্রশাসকের বাসভবন এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোসের বাড়িতে বোমা নিক্ষেপ করে।
রাজশাহী নগরের শালবাগানে গতকাল সকালে বিদ্যুতের খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে শিবিরের কর্মীরা রাজশাহী-নওগাঁ সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধ তোলার চেষ্টা করলে শিবিরের কর্মীরা ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় পুলিশের সদস্য আহত হন। সকালে নগরের অট্রয় মোড়ে পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়।
বগুড়া শহরের চকলোকমান এলাকায় রোববার রাত ১২টার দিকে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ আবদুল মান্নানের বাসায় ককটেল নিক্ষেপ করেন অবরোধ ও হরতাল-সমর্থকেরা। একই সময়ে শহরের মালতিনগরে শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খানের বাসায় ককটেল নিক্ষেপ করা হয়। বগুড়ার ধুনট উপজেলায় নির্বাচনী কার্যালয়ের এক কর্মচারীসহ দুজনকে পিটিয়ে তাঁদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে পুলিশ লাইনস স্কুলের পাশে রোববার রাত ১১টার দিকে থেমে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সাতক্ষীরায় বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে মিছিল ও সমাবেশ করে জামায়াত-শিবির। এ ছাড়া পাবনা, সিলেট, রংপুর, গাজীপুর, নোয়াখালী ও নারায়ণগঞ্জে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
রাজধানীর সায়েদাবাদে গতকাল সকালে জামায়াত-শিবিরের কর্মীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আশরাফুল ইসলাম নামের একজন রাবার বুলেটে বিদ্ধ হন। ঘটনাস্থল থেকে শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়।
সকাল সাড়ে আটটার দিকে গুলশান ২ নম্বরে সিটি করপোরেশন মার্কেটের সামনে থেকে পুলিশ শাহিনুর আক্তার (৩৫) নামের এক নারীকে ককটেল হামলার অভিযোগে আটক করে। সকাল সাড়ে নয়টায় মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পেছনের গলিতে হরতাল-সমর্থকেরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সকাল নয়টার দিকে বাংলাবাজারে সড়কে আগুন জ্বালিয়ে মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
গতকালও রাজধানীতে প্রচুর রিকশা, অটোরিকশা এবং বেশ কিছু গণপরিবহন ও গাড়ি চলাচল করে। বিকেলে কোনো কোনো মোড়ে যানজটেরও সৃষ্টি হয়।
সন্ধ্যা সাতটার দিকে পল্টন মোড়ে সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিহঙ্গ পরিবহনের একটি মিনিবাসে ককটেল নিক্ষেপ করা হলে চালক হারেজ আহত হন। সোয়া সাতটার দিকে আজিমপুরে ককটেল বিস্ফোরণে আহত হন রিকশাচালক আবু বকর। রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল প্রাঙ্গণে দুটি, সন্ধ্যায় রাজারবাগ পুলিশ গ্রাউন্ডে দুটি, শাহজাহানপুরে একটিসহ বিভিন্ন এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতমসজিদ রোডে চারটি ককটেলের বিস্ফোরণ এবং একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এদিকে রোববার সিরাজগঞ্জে একটি পেট্রলপাম্পে আগুন দেওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকায় জরুরি বৈঠক করে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি। তারা দেশের স্বার্থে জ্বালানি তেলের এজেন্ট ও ডিলারদের নিরাপত্তা দিতে সরকারের কাছে অনুরোধ জানায়।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক আছে। যারা সহিংসতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা এবং বগুড়া, চুয়াডাঙ্গা ও নড়াইল প্রতিনিধি]