শিশুসহ একই পরিবারের চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ও বারিউড়া এলাকার মধ্যবর্তী স্থানে একটি মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই শিশুসহ মা, বাবা ও অটোরিকশাচালকের।
গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জেলা সদর হাসপাতালের চক্ষু বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্বাস্থ্য সহকারী) মো. এখলাছুর রহমান (৪০), তাঁর স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মরিয়ম বেগম (৩০), তাঁর বড় ছেলে তাহসিনুর রহমান (৫), সাত মাস বয়সের ছেলে আবরার এ মঈন ও সিএনজিচালক আলমগীর হোসেন মৃধা (৪৮) নিহত হয়েছেন। এখলাছ সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। অটোরিকশাচালক আলমগীর হোসেন মৃধা উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. সেকান্দর মৃধার ছেলে। সড়ক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী বেপরোয়া গতির মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চিকিৎসক এখলাছ ও তাঁর বড় ছেলে এবং সিএনজিচালক আলমগীর ঘটনাস্থলেই নিহত হন। অন্য দুজনকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপর মাইক্রোবাস চালক ও যাত্রীরা পালিয়ে গেছেন। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আবদুর নূর জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।