ঝিনাইদহ, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও সিরাজগঞ্জের এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় গত মঙ্গলবার এবং গতকাল বুধবার শিশু ও বাক্প্রতিবন্ধীসহ চারজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী মোড়ে গতকাল ভোর পাঁচটার দিকে যাত্রীবাহী একটি নসিমন উলটে যায়। এতে নসিমনের চালক লিপ্টন (৩০) নিহত এবং ছয়জন যাত্রী আহত হন। অপরদিকে একই দিন সকাল সাতটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা নামক স্থানে নসিমন উলটে মকিমপুর গ্রামের রিফাত (৭) নিহত ও তার বাবা রেজাউল ইসলাম আহত হন। চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে গতকাল সকাল নয়টায় বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হূদয় হোসেন (৯) নামের এক বাক্প্রতিবন্ধী নিহত হয়েছে। সে ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ঘটনার পর গ্রামবাসীরা ট্রাকটি ভাঙচুর ও তার চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সিরাজগঞ্জ: এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, গত মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেতিল এলাকায় একটি যাত্রীবাহী বাস এলাকার নুরুল ইসলামের ছয় বছরের শিশুপুত্র গালিবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিকভাবে বাসটি আটকে ভাঙচুর এবং সড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।