শিশুসহ চারজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর ও সুনামগঞ্জে গত সোমবার নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে নদী থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। এর আগে রোববার মৌলভীবাজারে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: সোমবার শহরের পূর্ব শ্রীরামদী এলাকার খলিলুর রহমানের মেয়ে মীম (৭) তার এক আত্মীয়ের সঙ্গে ডাকাতিয়া নদীতে নৌকায় করে ঘুরতে বের হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি স্পিডবোটের ঢেউয়ে নৌকাটি দোলা খায়। একপর্যায়ে মীম নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যায়। এরপর খোঁজাখুঁজি করে মীমকে না পেয়ে স্বজনেরা কোস্টগার্ডে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ ফাঁড়ির ডুবুরিরাও খোঁজাখুঁজি করে মীমকে পাননি। সোমবার সকালে কোস্টগার্ড কার্যালয়ের একটি পন্টুনের সামনে মীমের লাশ ভাসতে দেখেন কোস্টগার্ডের সদস্যরা। মীম স্থানীয় ৩ নম্বর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
ধরমপাশা (সুনামগঞ্জ): ধরমপাশায় বৌলাই নদীতে নিখোঁজ শশী আক্তার (১০) নামের এক স্কুলছাত্রীর লাশ সোমবার উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাবুপুর গ্রামের শেকুল মিয়ার মেয়ে শশী শনিবার কয়েকজন বান্ধবীর সঙ্গে ওই নদীতে গোসল করতে যায়। গোসল শেষে তার বান্ধবীরা তীরে উঠলেও শশী নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শশীকে উদ্ধারে ওই নদীতে তল্লাশি চালান। কিন্তু তখন তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে নদীর পশ্চিম তীরে তার লাশ ভেসে ওঠে। শশী স্থানীয় বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।
কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলায় রোববার রাতে ইব্রাহিম মিয়া (২৮) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। ইব্রাহীম নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর পক্ষের লোকজন ভানুগাছ বাজারের একটি বাড়ি ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালান।
ভৈরব (কিশোরগঞ্জ): ভৈরবে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক তরুণীর (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সকালে পৌর শহরের লোহাঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।