শিশুসহ ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। ঢাকার বাইরে দুর্ঘটনা ঘটেছে ফেনী সদর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, টাঙ্গাইলের ভূঞাপুর ও গাইবান্ধার লক্ষ্মীপুরে।
এ নিয়ে গত ২৫ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ২৫১ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, রাত সাড়ে ১০টার দিকে গোলাপ শাহ মাজারের সামনের সড়কে প্রাইভেট কারের চাপায় একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম দিদার হোসেন (২৮)। তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশিদ জানান, রাত সাড়ে আটটার দিকে বিজি প্রেসের পূর্ব দিকের সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী তাজুল ইসলাম (৩৫) নিহত হন। তিনি দাগনভূঞা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী এবং ফেনী সদর উপজেলার জগইরগাঁও গ্রামের বাসিন্দা। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামে বিকেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইসমাইল (৫৫) নামের এক নছিমন আরোহী নিহত হয়েছেন।
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় দুপুরে অটোরিকশার ধাক্কায় সুমাইয়া মিম নামের ১০ মাস বয়সী একটি শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির মা সোনালী বেগম (৩০) আহত হন। গুরুতর অবস্থায় সোনালী বেগমকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী বাজার এলাকায় মোটরসাইকেল চাপায় মুজিবর রহমান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার বেতুয়া গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা।