শিশুসহ ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গতকাল শুক্রবার ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় পাঁচ বছরের এক শিশু মারা গেছে। এ ছাড়া নরসিংদী, কুমিল্লা, বগুড়া ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও পাঁচজন।

এ নিয়ে গত ১৫১ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১ হাজার ৩৫৩ জনের প্রাণ গেল। সংশ্লিষ্ট জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো খবর:

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, গাইবান্ধা-বালাসী সড়কের ফুলছড়ির বালাসী ঘাট এলাকায় গতকাল বেলা তিনটার দিকে রাস্তার পাশে খেলা করছিল শিশু মনি আক্তার। একপর্যায়ে সে হঠাৎ রাস্তার ওপর চলে যায়। এ সময় একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। অটোরিকশার চালক পলাতক। নিহত মনি উপজেলার রসুলপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল ভোরে শিবপুরের গাংপাড় এলাকায় এ দুর্ঘটনায় নিহত দুজন হলেন আবদুল মালেক (৪৫) ও আলাউদ্দিন (২০)। তাঁরা মাইক্রোবাসে ছিলেন। তাঁদের বাড়ি পাবনা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গাজীপুর নামক স্থানে গতকাল বিকেলে ঢাকাগামী রডবাহী একটি ট্রেইলারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসের চালকের সহকারী শাহ পরান (২৫) মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হন বাসের ১০ জন যাত্রী। নিহত পরানের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার সৈয়দপুর গ্রামে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের এএসআই সুমন পাটোয়ারী বলেন, ঢাকাগামী তিশা পরিবহনের বাসটি দ্রুত গতিতে এসে যানজটে আটকে থাকা রডবাহী ট্রেইলারকে পেছন দিকে ধাক্কা দেয়।

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ ছাড়া বগুড়া-নওগাঁ সড়কে দুপচাঁচিয়ার বাজারদিঘী এলাকায় গতকাল মোটরসাইকেলকে একটি ট্রাক ধাক্কায় দিলে তিনজন গুরুতর আহত হন।

এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার মাদারীপুরের শিবচরে হাজী শরীয়তউল্লাহ সেতুর সামনে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মো. আলী ওমর (৬৫) নামের এক চিকিৎসক নিহত হন। পুলিশ জানায়, আলী ওমর শিবচর উপজেলার সূর্যনগরে নিজের চেম্বারে রোগী দেখা শেষে রাতে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। হাজী শরীয়তউল্লাহ সেতুর সামনে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষে তিনি মারা যান।