ভোলা, রাজবাড়ীর গোয়ালন্দ ও পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় গত মঙ্গলবার ও গতকাল বুধবার শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:ভোলা: সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মাদ্রাসার হাট এলাকার ভোলা-ইলিশা সড়কে গতকাল দুপুর ১টার দিকে ট্রাকের চাপায় সাইকেল আরোহী রাসেল (১৪) ঘটনাস্থলেই নিহত এবং রিয়াজ (১০) গুরুতর আহত হয়। রাসেল ঢাকার গাবতলী থানার হরিরামপুরের তোফাজ্জল হোসেনের ছেলে এবং স্থানীয় মাদ্রাসার হিফজুল কোরআনের ছাত্র। সে বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে মা-বাবার সঙ্গে ইলিশা বেড়াতে আসে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী চালভর্তি ট্রাকটি ভাংচুর ও সড়ক অবরোধ করে। গোয়ালন্দ (রাজবাড়ী): উপজেলা শহরের পদ্মার মোড়ে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে বরিশালগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে প্রায় ১৫০ ফুট নিচে উল্টে পড়ে। এতে ওই বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন। তার মধ্যে গুরুতর আহত অজ্ঞাত এক নারীকে (২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। তাঁর তিন বছরের একটি সন্তান রয়েছে। তাঁর বাড়ি ঝালকাঠির বিনয়কাঠিতে। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ‘নিহত মহিলার লাশ ও শিশুকে গোয়ালন্দ মোড় হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’কলাপাড়া (পটুয়াখালী): গতকাল সকালে উপজেলার কলাপাড়া-বালিয়াতলী সড়কের ইটবাড়িয়া গ্রামের মাঝের খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা কলাপাড়া যাচ্ছিল। পথে খেয়াঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় হূদয় (৪) নামে একটি শিশুকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।