শিশুসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
নেত্রকোনা শহরে গতকাল শুক্রবার ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। একই দিন কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা ও হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:নেত্রকোনা: জেলা শহরের আনন্দ বাজার মোড়ে গতকাল দুপুরে একটি ট্রাক একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে বাইসাইকেলের আরোহী শহরের মধ্য নাগড়া এলাকার পসর আলীর ছেলে শুভ (১২) মারা যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মফিজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দাউদকান্দি (কুমিল্লা): দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার জিংলাতলীতে একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আবদুর রউফ (৭০) নামের এক পথচারীকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর বাড়ি তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সন্ধ্যা ছয়টার দিকে একই মহাসড়কের চান্দিনা উপজেলার দোতালা এলাকায় কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের অজ্ঞাতনামা এক পুরুষ যাত্রী (৩৫) মারা যান এবং বাস ও মাইক্রোবাসের ১০ যাত্রী আহত হয়।মাধবপুর (হবিগঞ্জ): ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় গতকাল একটি ট্রাক্টর একটি যাত্রীবাহী টেম্পোকে ধাক্কা দেয়। এতে টেম্পোর যাত্রী উপজেলার হরিতলা গ্রামের আবদুল মজিদ (৬৫) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের নাজিম উদ্দিন (৩০) মারা যান। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।